পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যে নিরপেক্ষতা বজায় রাখতে কড়া অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন। ‘গুরুতর অসদাচরণ’ এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পাঁচজন উচ্চপদস্থ আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। শনিবার এই মর্মে রাজ্য সরকারের কাছে কড়া বার্তা পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশে যে পাঁচজন পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হয়েছে এবং যাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, এসডিপিও সজল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ, উস্তি থানার ওসি শুভেচ্ছা বাগ।

রাজ্য মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই একজন আইপিএস আধিকারিক হওয়ায়, তাঁর আচরণের পূর্ণাঙ্গ রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

পাশাপাশি, ডায়মন্ড হারবারের পুলিশ সুপার (ঈশানী পালকেও সতর্ক করেছে কমিশন। অধস্তন অফিসারদের মধ্যে শৃঙ্খলা এবং নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগে তাঁকে এই কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। কমিশন নির্দেশে জানিয়েছে, "ঘটনার পারিপার্শ্বিক তথ্য ও পরিস্থিতি বিচার করে কমিশন এই আধিকারিকদের অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দিচ্ছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে না পারা এবং গুরুতর অসদাচরণের কারণেই এই পদক্ষেপ।"