পুবের কলম, ওয়েবডেস্ক: লিওনেল মেসিকে এক ঝলক দেখার আশায় জমায়েত করা দর্শকদের হট্টগোলে রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন। এই লজ্জাজনক ঘটনার কড়া নিন্দা করে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তদন্ত কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। এবার সেই কমিটি শোকজ করল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে।

অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তৈরি হওয়া ওই কমিটির তরফে শোকজ করা হয়েছে পুলিশ প্রধানকে। ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। একাধিক আধিকারিককেই শোকজ করা হয়েছে। পাশাপাশি বিধাননগরের কমিশনার মুকেশ কুমার, যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হয়েছে।

সূত্রের খবর, এদিকে যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে একগুচ্ছ শাস্তিমূলক পদক্ষেপ করল রাজ্য। সাসপেন্ড করা হয়েছে বিধানগরের ডিসি অনীশ সরকারকে। বরখাস্ত করা হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকেও। তদন্ত কমিটির সুপারিশ মেনে সিট গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর, শনিবার যুবভারতীর গ্যালারি থেকে মেসির এক ঝলক দেখতেও বঞ্চিত হন দর্শকরা। অভিযোগ, নেতা–মন্ত্রী ও আমলাদের ভিড়ে সাধারণ দর্শকরা কিছুই দেখতে পাননি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে হতাশ হয়ে ক্ষোভে ফেটে পড়েন ফুটবলপ্রেমীরা। সেই ক্ষোভ থেকেই শুরু হয় ভাঙচুর ও তাণ্ডব। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে প্রকাশ্যে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। এক্স-এ দীর্ঘ পোস্টে মমতা জানান, অব্যবস্থায় তিনি মর্মাহত। তদন্ত কমিটিতে মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিবরা থাকবেন।