পুবের কলম,ওয়েবডেস্ক: সিরিয়ার রাজধানী দামাস্কাসে অবস্থিত এক শিয়া মাজারের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। পবিত্র আশুরার একদিন আগে দামাস্কাসের দক্ষিণে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণস্থলের কাছাকাছি অবস্থিত এই মাজারটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতনি ও ইমাম আলির কন্যা সাইয়েদা জয়নাবের কবর রয়েছে। সিরীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, সাইয়েদা জয়নাবের মাজারের কাছে একটি ট্যাক্সির পাশে মোটরসাইকেলে বিস্ফোরণটি ঘটে।
এটি সিরিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা শিয়া তীর্থস্থান এবং এটিকে ‘সন্ত্রাসী বোমা হামলা’ বলে অভিহিত করেছে মন্ত্রক। রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা’ আগে থেকেই বোমা রেখেছিল সেখানে। ৩৯ বছর বয়সী সরকারি কর্মচারি ইব্রাহিম বলেন, ‘প্রচণ্ড বিস্ফোরণের শধ শোনার পর সবাই দৌড়াতে শুরু করে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আসে এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।’ তিনি বলেন, সাইয়েদা জয়নাবের মাজার থেকে প্রায় ৬০০ মিটার দূরে একটি নিরাপত্তা ভবনের কাছে ওই বিস্ফোরণটি ঘটে।