পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী সেনারা যে বর্বর বিমান হামলা চালাচ্ছে তার প্রতি ইস্পাত কঠিন সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এই অকুণ্ঠ সমর্থনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেছেন, ইসরাইলের নিজের এবং তার জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে।
আরও পড়ুন:
নেতানিয়াহুও ইসরাইলকে সমর্থনের জন্য বাইডেনকে ধন্যবাদ জানান এবং হামাসের বিরুদ্ধে দীর্ঘ অভিযানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। আমেরিকা নিজেকে ‘ মানবাধিকার ও গণতন্ত্রের রক্ষক’ হিসেবে দাবি করে। কিন্তু ফিলিস্তিনিদের মানবাধিকারের কথা বাইডেনের মুখে এদিন শোনা যায়নি।
গত এক বছর ধরে ইসরাইল আল আকসায় কী ধরনের অমানুষিক নির্যাতন চালিয়েছে, তার প্রতিবাদ করেননি বাইডেন। আমেরিকা ইসরাইল-ফিলিস্তিন সমস্যা সমাধানে দ্বি-রাষ্ট্র নীতিকে সমর্থন করে। কিন্তু তারাই আবার গাজায় ইসরাইলি বিমান হামলা নিয়ে কোনও নিন্দা জানাচ্ছে না। এই দ্বিচারিতা অবাক করছে ওয়াকিফহাল মহলকে। এর আগে ইসরাইকে সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি। যদিও পাকিস্তানসহ বিশ্বের বহু দেশ স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পক্ষে থাকার কথা জানিয়েছেন।আরও পড়ুন:
বাইডেনের পাশাপাশি মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন হামাসের হামলার নিন্দা জানিয়েছেন। ব্লিঙ্কেন বলেন, আমরা ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের ‘জঙ্গি সংগঠন’ হামাসের ভয়াবহ হামলার নিন্দা জানাচ্ছি। আমরা ইসরাইলের সরকার ও জনগণের পাশে রয়েছি। এই হামলায় নিহত ইসরাইলি জনগণের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করছি। সাম্প্রতিক মাসগুলোতে নেতানিয়াহুর চরমপন্থী নীতির কারণে তার সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের সম্পর্কের টানাপড়েন চলছিল। তার পরও তিনি তার পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন:
হোয়াইট হাউস থেকে সরাসরি টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইসরাইলের নিরাপত্তার প্রতি আমেরিকার পক্ষ থেকে ইস্পাত কঠিন সমর্থন অব্যাহত থাকবে। ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সাহায্য প্রয়োজন আমরা তা সরবরাহ করব যাতে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, ইসরাইলের সরকার ও জনগণের জন্য যে ধরনের সাহায্য প্রয়োজন তার সবকিছু দিতে আমরা প্রস্তুত রয়েছি। বৃহত্তর সংঘাত সৃষ্টির বিরুদ্ধে প্রেসিডেন্ট বাইডেন সতর্ক করে বলেন, এই সময়ে ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে কোনও পক্ষেরই সুযোগ নেওয়া উচিত হবে না। বাইডেন প্রশাসনসহ এর আগের সব মার্কিন সরকারই ইসরাইলের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে আসছে। প্রতিদিন ইসরাইলি সেনারা ফিলিস্তিনের অভ্যন্তরে হত্যা এবং বর্বর অপরাধযজ্ঞ চালায়, আমেরিকা তার বিরুদ্ধে কখনও টুঁ শব্দটি করে না।