পুবের কলম ওয়েবডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের লড়াই ক্রমেই জমে উঠছে। তৃণমূল কংগ্রেসের পর এবার নির্বাচনী ময়দানে নিজেদের প্রস্তুতি স্পষ্ট করল বিজেপি। রবিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল দলের ৪০ জন তারকা প্রচারকের তালিকা। এই তালিকায় যেমন রয়েছেন কেন্দ্রীয় সরকারের প্রথম সারির মন্ত্রীরা, তেমনই জায়গা পেয়েছেন বিনোদন ও ক্রীড়া জগতের পরিচিত মুখরাও।
আরও পড়ুন:
প্রকাশিত তালিকার একেবারে শুরুতেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম।
নির্বাচনী প্রচারে তাঁকে সঙ্গ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা ও প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে তাঁরা ভোটের প্রচারে গতি আনবেন। তালিকায় রয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। এছাড়াও আছেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, স্মৃতি ইরানি, নিতিন নবীন, ধর্মেন্দ্র প্রধান, হিমন্ত বিশ্ব শর্মা, রেখা গুপ্তা, দেবেন্দ্র ফড়নবিশ, মোহন চরণ মাঝি, মানিক সাহা, শিবরাজ সিং চৌহান প্রমুখ। রয়েছেন অভিনেত্রী তথা সাংসদ হেমা মালিনী, কঙ্গনা রানাউত, মিঠুন চক্রবর্তী।আরও পড়ুন:
রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ হিসেবেও তালিকায় রয়েছেন- শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, রাজু বিস্তা, জয়ন্ত কুমার রায়, মনোজ টিগ্গা, বিজন গোস্বামী প্রমুখ। রাজনীতির পাশাপাশি ক্রীড়া জগতের তারকাদেরও প্রচারে কাজে লাগাতে চাইছে বিজেপি। সেই কারণে তালিকায় রাখা হয়েছে প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজকে। রাজনৈতিক মহলের একাংশের মতে, যদিও ভোট পশ্চিমবঙ্গের, তবু প্রচারকদের তালিকায় কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিই বেশি। ফলে দিল্লির নেতাদের ঘনঘন বাংলায় আসা–যাওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।