পুবের কলম,ওয়েবডেস্ক: মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। মায়ানমারের রাখাইন রাজ্য থেকে এই রোহিঙ্গারা নৌকায় করে সাগর পাড়ি দিয়েছিলেন। চলতি সপ্তাহেই এ ঘটনা ঘটেছে। সিতওয়ে শহরের শ্বে ইয়াং মেটা ফাউন্ডেশনের উদ্ধারকারী বায়ার লা বলেন, ‘রবিবার রাতে সাগরে যান্ত্রিক সমস্যায় পড়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করা নৌকাটি।

এতে ৬০ জনেরও বেশি লোক ছিল বলে মনে করা হচ্ছে।
’ এ ঘটনায় আরও ৩০ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন আটজন। বায়ার লা বলেন, ‘৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। উদ্ধারকারীরা এখনও বাকিদের খোঁজার চেষ্টা করছেন।
’ বেঁচে ফেরা ব্যক্তিরা বলছেন, তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের নৌযানে ৫০ জনের মতো ছিল।

কিন্তু নৌকাটির ক্রুরা যাত্রীদের একা রেখে পালায়। উল্লেখ্য, মায়ানমারে জাতিগত নিধনের শিকার সংখ্যালঘু হাজারো রোহিঙ্গা প্রতিবছর উত্তাল সাগরপথে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করে। এ সপ্তাহে মালয়েশিয়া যাওয়ার পথে সমুদ্রে ডুবে মারা যাওয়াদের মধ্যে ১৩ জন নারী ও ১০ জন পুরুষ, যারা সকলেই রোহিঙ্গা মুসলিম।