এবার হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় চলল বুলডোজার অভিযান। শনিবার গভীর রাতে রেল পুলিশের তৎপরতায় স্টেশন চত্বর থেকে উচ্ছেদ করা হল ১৫০-রও বেশি বেআইনি দোকান ও ডালা। একে একে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ নির্মাণগুলি।
রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের স্বাভাবিক চলাচলে বাধা তৈরি হওয়ায় দীর্ঘদিন ধরেই ওই এলাকা খালি করার পরিকল্পনা চলছিল।
আরও পড়ুন:
শনিবার রাতেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। পরে শুরু হয় উচ্ছেদ অভিযান।
মাইকিং করে যাত্রীদের নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানানো হয়। অভিযানের খবর পেয়ে বহু ব্যবসায়ী ছুটে এসে নিজেদের মালপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।রেল পুলিশের দাবি, আদালতের নির্দেশ মেনেই এই অভিযান চালানো হয়েছে। হাওড়া স্টেশন দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হওয়ায় প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর চাপ থাকে। স্টেশন চত্বরে বেআইনি দোকান ও দখলদারির কারণে চলাচলে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছিল বলে অভিযোগ।