পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক পরেই মধ্যমগ্রামে খুন হয়েছিলেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। সেই ঘটনার তদন্তে এবার বড় মোড়। ভিনরাজ্যের যোগসূত্র মেলায় চন্দ্রনাথ রথ খুনের তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে তুলে দেওয়া হলো। এই ঘটনার গুরুত্ব বিচার করে ডিআইজি র‍্যাঙ্কের অফিসারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।

একটি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, এই হত্যাকাণ্ডের তদন্তে দিল্লি, পটনা, রাঁচি, ধানবাদ এবং লখনউ— এই পাঁচ শহরের মোট সাতজন দুঁদে অফিসারকে নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে। ডিআইজি পঙ্কজ কুমার সিং এই তদন্তের মূল দায়িত্বে রয়েছেন এবং পুরো প্রক্রিয়ার ওপর নজরদারি করবেন কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর। প্রয়োজনে এই দলে আরও অফিসার যুক্ত করা হতে পারে। মধ্যমগ্রাম থানা ও সিআইডি-র কাছে থাকা সমস্ত নথি দ্রুত সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তে জানা গিয়েছে, এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত সুপরিকল্পিত। শার্প শুটার ভাড়া করা, অস্ত্র কেনা এবং খুনের আগে এলাকা রেইকি করা— সব মিলিয়ে এই অপারেশনে ১ কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে। খুনে যে দুটি বন্দুক ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে একটির আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ টাকার বেশি। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ ও বিহার থেকে তিন শার্প শুটারকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতদের জিজ্ঞাসাবাদ চললেও মূল অভিযুক্ত রাজ সিং এখনও মুখ খোলেনি বলে জানা গেছে। বাকি দু'জন কিছুটা ভেঙে পড়লেও এই হত্যাকাণ্ডে নিজেদের সরাসরি ভূমিকার কথা এখনও স্বীকার করেনি।

উল্লেখ্য, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ৬ মে মধ্যমগ্রামের রাস্তায় প্রকাশ্য দিবালোকে খুন হন চন্দ্রনাথ রথ। শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ এই ব্যক্তির মৃত্যুতে শুরু থেকেই চাঞ্চল্য ছড়িয়েছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আগে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল। অবশেষে ভিনরাজ্যের অপরাধচক্রের স্পষ্ট ইঙ্গিত পাওয়ায় কেন্দ্রীয় সংস্থাকেই এই রহস্যের জট খোলার দায়িত্ব দিল সরকার।