বাংলাদেশের কুমিল্লার চৌদ্দগ্রামে মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অবরোধ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ওই দেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ১১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ট্রেনিং সেন্টার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌদ্দগ্রাম বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাওয়ার পথে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পাশাপাশি কিছু গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন চালকেরা।

অবরোধ শুরুর প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। রাত পৌনে ১২টা পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে মিছিল বের করে মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধাওয়া দেন। পরে অবরোধকারীরা পালিয়ে যান।

উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে জামায়াতের নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়া হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।