পুবের কলম,ওয়েবডেস্ক:লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’-কে কটাক্ষ করতে গিয়ে অমিত শাহ বেশ কয়েকবার ‘কুইট ইন্ডিয়া’ স্লোগানকে হাতিয়ার করেছেন। ‘কুইট ইন্ডিয়া’ ও অন্যান্য বিষয় নিয়ে এ দিন মোদি সরকারকে তুলোধোনা করেন এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।
আরও পড়ুন:
এ দিন লোকসভায় মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘গতকাল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকবার ‘ভারত ছাড়ো’ বা কুইট ইন্ডিয়া স্লোগানটির উল্লেখ করেছেন। যখন উনি জানতে পারবেন যে ‘ভারত ছাড়ো’ স্লোগানটি প্রথমে ইউসুফ মেহের আলি নামে এক মুসলিম দিয়েছিলেন, তখন এই শব্দটি ওঁরা আর ব্যবহার করবেন না। এই স্লোগানটিকে মহাত্মা গান্ধি সারা দেশে ছড়িয়ে দিয়েছিলেন লড়াইয়ের প্রতীক হিসেবে। আর যদি সত্যিই কাউকে ‘ভারত ছাড়ো’ বলতে হয় তাহলে চিনকে বলুন ‘ভারত ছাড়ো’। গোরক্ষক মোনু মানেসর আপনাদের ডার্লিং হতে পারে, ভারতবাসীর কাছে নয়। তাকে ‘ভারত ছাড়ো’ বলুন।
কেন্দ্রীয় সরকার যে ধরনের রাজনীতি করছে তাতে দেশের ক্ষতি হবে। আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, হিন্দুত্ব কি দেশের স্বার্থের থেকেও বেশি গুরুত্বপূর্ণ।’আরও পড়ুন:
এরপরই দেশে মুসলিমদের উপর বঞ্চনার অভিযোগ করে তিনি বলেন, ‘একাধিক স্কলারশিপ বাতিল করে দেওয়া হয়েছে, এর ফলে ১ লক্ষ ৮০ হাজার মুসলিম তাঁদের উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন। অভিন্ন দেওয়ানি বিধির ফর্মুলা কী? এক ধর্ম, এক সংস্কৃতি ও এক ভাষার সমীকরণ স্বৈরচারিতার নিদর্শন। ভারত বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মেলবন্ধনে গড়ে উঠেছে। নুহ্তে যখন প্রায় ৭৫০ বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হল তখন কেন্দ্র সরকার কি ঘুমোচ্ছিল।’ হরিয়ানার নুহ্, মণিপুরে জাতি-হিংসা, চিনের সঙ্গে সীমান্ত বিরোধের মতো অনেক বিষয়ে মোদি সরকারের সমালোচনা করেন ওয়াইসি।
ওয়াইসি বলেন, ‘হিজাবকে রাজনৈতিক ইস্যু বানিয়ে মুসলিম মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছিল। এটাই কি বিবেকের স্বাধীনতা? কোথায় গেল আপনার বিবেক?তিনি বলেন, ‘আমি জানতে চাই বিলকিস বানো কি এ দেশের মেয়ে নয়? গর্ভবতী বিলকিস বানোকে ১১ জন মিলে ধর্ষণ করেছিল। তাঁর মা ও মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। আপনারা খুনিদের মুক্তি দিয়েছেন। এই কি আপনাদের বিবেক?
’আরও পড়ুন:
চিনের প্রসঙ্গ তুলে ওয়াইসি বলেন, ২০১৩ সাল। তখনও তিনি প্রধানমন্ত্রী হননি, তখন তিনি বলেছিলেন সমস্যা দিল্লিতে, সীমান্তে নয়। আমরা যদি আমাদের নিজস্ব জমিতে থাকি তাহলে আমরা কেন বিচ্ছিন্ন হচ্ছি? চিন কি আমাদের জমি দখল করেনি? প্রধানমন্ত্রী মোদি শি জিনপিংকে আহমদাবাদে দোলা (ঝুলা) খেতে আমন্ত্রণ জানিয়েছিলেন। ফল কি হল? চেন্নাই দেখানো হয়েছিল, তার ফলাফল কী? তাই চিনের আগ্রাসী মনোভাবে বিরোধিতা করুন। চিনকে উপড়ে ফেলুন। মোদি সরকার প্রথম থেকেই বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’কে আক্রমণ করে আসছে।