পুবের কলম, ওয়েবডেস্ক:  ভয়াবহ আগুনে পুড়ে ছাই বিশাখাপত্তনম বন্দরে থাকা ৩৫ থেকে ৪০টি মাছ ধরার নৌকা। সোমবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আনুমানিক ভোর ৪টে নাগাদ এই আগুন লাগে। কর্মকর্তারা জানান, বিশাখাপত্তনম কন্টেইনার টার্মিনালে এই আগুনের ঘটনা ঘটেছে। বন্দর এলাকা হওয়ায় সেখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মাছ ধরার নৌকাগুলি নোঙর করেছিল। একটি নৌকা থেকে অপর নৌকাতে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।

কমপক্ষে ৩৫ থেকে ৪০টি মাছ ধরার নৌকা পুড়ে ছাই হয়ে যায়।

https://www.youtube.com/watch?v=w9eSJQCuE2A বিশাখাপত্তনমের দমকল আধিকারিক এস রেণুকায় জানান, খবর পাওয়া মাত্রই দমকল কর্মীরা ঘটনাস্থলে যান। ১২টি দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বিশাখাপত্তনম পোর্ট ট্রাস্টের সহযোগিতায় দু-ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোনও হতা-হতের খবর নেই। বিশাখাপত্তনমের পুলিশ জোন-২ -এর ডেপুটি কমিশনার কে আনন্দ রেড্ডি বলেছেন, রবিবার এবং সোমবার মধ্যবর্তী রাতে বাতাসের গতিবেগ বেশি ছিল।

যার ফলে আগুন দ্রুত ফাইবার (প্লাস্টিক) দিয়ে তৈরি এবং কাছাকাছি নোঙর করা নৌকাগুলির মধ্যে ছড়িয়ে পড়ে। রেড্ডি জানান, মৎস্যজীবীদের কয়েক সপ্তাহ ধরে সমুদ্রে যাতায়াত করতে হয়, ফলে নৌকাগুলির মধ্যে অনেকগুলিতে ৫ হাজার লিটার পর্যন্ত ডিজেল মজুদ ছিল। এছাড়াও রান্নার জন্য এলপিজি সিলিন্ডার রাখা ছিল। প্রাথমিক অনুমান, প্রায় ৮টির মতো গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে। সতর্কতার কারণে ভাইজাগ স্টিল প্ল্যান্ট ফায়ার ব্রিগেড এবং নৌবাহিনীকেও সতর্ক করা হয়েছিল। প্রতিটি নৌকায় ৩৫ থেকে ৫০ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে।

অপর একটি সূত্রে খবর, রবিবার রাতে একটি বন্দরে নোঙর করানো একটি নৌকায় পার্টি চলছিল। সেখানেই প্রথম আগুন লেগে যায় বলে সন্দেহ। পাশে নোঙর করা বাকি নৌকাগুলিতেও নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লেগে নৌকার জ্বালানি ট্যাঙ্ক থেকে একের পর এক ভয়াবহ বিস্ফোরণও হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। পুলিশ দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের মামলা দায়ের করেছে।