দেবশ্রী মজুমদার, বীরভূম:  প্রথম বাঙালি হিসেবে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেলেন বিশ্বভারতী অধ‍্যাপিকা। দুই হাজার কুড়ি সালের মণিপুরী নৃত‍্যে রাজ‍্যের মধ‍্যে প্রথম বাঙালি হিসেবে এই অনন্য জাতীয় পুরস্কার পেলেন  বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ‍্যাপিকা শ্রুতি বন্দ‍্যোপাধ‍্যায়।

বিশ্বভারতী কলাভবন, সঙ্গীত ভবনের প্রতিষ্ঠাকাল থেকেই মনিপুরি ঘরানায় রবীন্দ্রনৃত‍্য শুরু করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর পুত্রবধূ প্রতিমা দেবী। কবিই মণিপুর থেকে এই নৃত্য শান্তিনিকেতনে আনেন। রবীন্দ্রনাথ ঠাকুর পরে শ্রীলঙ্কার ক‍্যাণ্ডি,  জাভা ও বালির নৃত‍্য শান্তিনিকেতনে এনেছেন। সঙ্গীত ভবনের মণিপুরি নৃত‍্যে জাতীয় পুরষ্কার  এই প্রথম বিশ্বভারতী পেল। যা সমগ্র  দেশ ও রাজ‍্যের কাছে বিশেষত বিশ্বভারতীর ক্ষেত্রে অনন‍্য নজির সৃষ্টি করলো।

এদিন জাতীয় পুরষ্কার প্রাপক শ্রুতি বন্দ‍্যোপাধ‍্যায় কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। কারণ হল কর্তৃপক্ষের রক্তচক্ষু।   এমনিতেই বহু লড়াইয়ের মধ‍্য দিয়ে গিয়ে তিনি এই সম্মান ছিনিয়ে নিয়েছেন তাঁর কৃতিত্বে।

ছোটবেলা থেকেই মণিপুরী নৃত‍্যচর্চা শুরু করেন গুরু বিপিন সিং,  গুরু দর্শনা জাভেরী,  গুরু কলাবতী দেবীর কাছে। দীর্ঘ পঁইত্রিশ বছরের চর্চা তাঁর। মণিপুরি নৃত্যে গবেষণা করে ডি লিট পেয়েছেন তিনি। একাধিক পুরষ্কার পেয়েছেন।

জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নৃত্য পরিবেশন করে চলেছেন। এখন ব‍্যস্ত রয়েছেন ছাত্র ছাত্রীদের গবেষণা, তাদের তালিম দেওয়া ও তাদের পঠন পাঠনে।

এই সূত্রে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নৃত‍্য বিভাগে তাঁর জীবন শুরু করেন। দুই হাজার সাত সালে ওই বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপিকার পদে উন্নীত হন। চোদ্দ সালে বিশ্বভারতীতে মণিপুরি নৃত্যে অধ‍্যাপিকা হিসেবে কাজে যোগ দেন। ইতিমধ্যে তাঁর একাধিক পুস্তক প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনৃত‍্যের প্রতি নিরলস গবেষণায় তিনি প্রথম রবীন্দ্র নৃত‍্যের ইতিহাস সহ প্রায়োগিক দিকও লিপিবদ্ধ করেছেন তাঁর সাম্প্রতিক গ্রন্থে।

এছাড়া তাঁর প্রযোজনা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সমাদৃত ও প্রদর্শিত। বিশ্বভারতীর উপাচার্য বিদ‍্যুৎ চক্রবর্তী  জানান, তাঁর সহকর্মীর এই স্বীকৃতিতে বিশ্বভারতী সম্মানিত।

প্রাক্তন উপাচার্য স্বপন কুমার দত্ত বলেন, খুবই গৌরবের ব‍্যাপার। খুব আনন্দ হচ্ছে। উনি বিশ্বভারতীর গৌরব বৃদ্ধি করেছেন।

প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য সবুজ কলি সেন বলেন, উনিশো উনিশ সাল থেকেই বিশ্বভারতীতে মণিপুরি নৃত্য শুরু। পরে অনেকেই ভারতনাট‍্যম ঢুকিয়েছেন। রবীন্দ্র নৃত্যের মর্মে রয়েছে মণিপুরি। খুব ভালো লাগছে শ্রুতি বন্দ‍্যোপাধ‍্যায় পশ্চিম বঙ্গে বাঙালি মহিলা এবং বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রথম জাতীয় পুরস্কার প্রাপক তিনি। এটা ভেবে ভালো লাগছে যে সমস্ত অপমান ও লাঞ্ছনার উত্তর তিনি যথাযথ ভাবে দিয়েছেন।