আসিফ রেজা আনসারীঃ রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছে। কন্যাশ্রী– রুপশ্রী প্রকল্পের মাধ্যমে যেমন বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে– তেমনি লক্ষীর ভাণ্ডারের মাধ্যমে উপকৃত হচ্ছে মহিলারা। রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পের সঙ্গে সম্প্রতি যুক্ত হয় ‘মা’-এর ক্যান্টিন। সেখানে মাত্র ৫ টাকায় ডিম-ভাত দেওয়া হয়। তেমনি সরকার বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে চালু করেছে ২১ টাকায় মাছ-ভাত প্রকল্প।
শহরের বেশ কয়েকটি জায়গায় তা চলছে রমরমিয়ে। আরও বেশি বেশি করে এমন স্টল বসানো হবে। আর তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনটাই জানাচ্ছেন কলকাতায় ২১ টাকায় মাছ-ভাতের ক্যান্টিন-এর কার্যনির্বাহী তথা রুপায়নকারী সংস্থার প্রধান সাকিব মুহাম্মদ।আরও পড়ুন:
প্রসঙ্গত– রাজ্য সরকারের সংস্থা বেনফিশ-এর সঙ্গে যৌথ উ্যদোগে একটি বেসরকারি সংস্থা মাত্র ২১ টাকায় ডাল– ভাত– তরকারি সঙ্গে মাছ খেতে দেওয়ার প্রকল্প রুপায়ন করছে।
শুধু কলকাতা শহরই নয়– জেলায় জেলায় এমনটা চালু হওয়ার কথা। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মাত্র ২১ টাকায় খাওয়া-দাওয়ার সুযোগে বেশ খুশি মাছে-ভাতে বাঙালি। শহরে আরও ২১টি এমন স্টল করা হবে– তারজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই জানান সাকিব মুহাম্মদ। তিনি এক প্রশ্নের জবাবে বলেন– আপাতত দেশপ্রিয় পার্কের কাছে ইউকো ব্যাঙ্কের পাশে স্থায়ী স্টল করা হয়েছে। অন্যদিকে বাইপাসের ধারে রুবি হাসপাতালের সামনে অস্থায়ীভাবে চলছে ২১টাকায় মাছ-ভাতের ক্যান্টিন। তিনি বলেন– মোট ২১টি স্থায়ী স্টল করা হবে। তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।আরও পড়ুন:
তিনি আরও জানান– ২১ টাকার প্যাকেজে দেওয়া হচ্ছে- ৫০ গ্রাম ওজনের একটি মাছ– ১০০ গ্রাম চালের ভাত– ৭৫ গ্রাম মুসুর ডাল। সঙ্গে ৫০ গ্রাম সবজি। ছুটির দিন বাদে রোজ দুপুর ১২টা থেকে ৩ টা পর্যন্ত এই গাড়ির সামনে দাঁড়ালেই মিলবে খাবার। তারজন্য দিতে হবে মাত্র ২১ টাকা।