তিরুবনন্তপুরম, ২৭ ফেব্রুয়ারি: ‘গগনযান’ মিশনের কথা আগেই জানিয়েছিল ইসরো। এই মিশনের জন্য চার মহাকাশচারী নির্বাচিত করেছে ভারতীয় মহাকাশ সংস্থা। অবশেষে তাঁদের পরিচয় প্রকাশ্যে আনল ইসরো। মঙ্গলবার তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে সেই চার মহাকাশচারীর নাম ঘোষণা করা হয়। ইসরোর তরফে জানানো হয়েছে, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লাকে বেছে নেওয়া হয়েছে।

ইসরো জানিয়েছে, ভারতীয় বায়ুসেনার সঙ্গে যৌথভাবে টেস্ট পাইলটদের থেকে মহাকাশচারীদের বেছে নেয় ভারতীয় মহাকাশ সংস্থা। যে টেস্ট পাইলটদের বেছে নেওয়া হয়েছিল, তাঁদের ক্লিনিকাল, এরোমেডিক্যাল এবং সাইকোলজিকাল পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার ভিত্তিতে ভারতীয় বায়ুসেনার চারজন টেস্ট পাইলটকে নির্বাচিত করা হয়েছে। চার মহাকাশচারী ১৩ মাস রাশিয়ায় ট্রেনিংও সম্পূর্ণ করেছেন।

 

ভারতের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বিশ্বে ভারতের প্রভাব কতটা বাড়ছে, "সেটার প্রমাণ হয়ে দাঁড়াল। প্রতিটি দেশের ক্ষেত্রে এমন একটি সময় আসে, যা বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রেরণা জোগায়। আজ ভারতের জন্য সেরকমই একটা মুহূর্ত।" প্রধানমন্ত্রীর আরও সংযোজন, "চার মহাকাশচারী শুধু চারটি নাম নয়। তাঁরা ১৪০ কোটি মানুষের আকাঙ্খাকে মহাকাশে নিয়ে যাওয়ার চার শক্তি। ৪০ বছর পরে কোনও ভারতীয় মহাকাশে যেতে চলেছেন।"