পৃথিবীর গভীরে থাকা বিপুল পরিমাণ সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর কিছু অংশ প্রাকৃতিক প্রক্রিয়ায় ধীরে ধীরে ভূপৃষ্ঠের দিকে উঠে আসছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে এই ধাতুগুলি পৃথিবীর উপরিভাগে পৌঁছতে পারে। হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়শিলা বিশ্লেষণ করে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন:
জার্মানির গটিংজেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক টানা তিন বছর হাওয়াইয়ের ব্যাসল্ট শিলা নিয়ে গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তাঁদের গবেষণাপত্রটি গত বছর বিখ্যাত বিজ্ঞান সাময়িকী 'নেচার'-এ প্রকাশিত হয়। গবেষকদের মতে, পৃথিবীর গভীর থেকে উঠে আসা উত্তপ্ত গলিত শিলা বা ম্যাগমার সঙ্গে মূল্যবান ধাতুর বিভিন্ন উপাদানও উপরের স্তরে পৌঁছে যাচ্ছে।
আরও পড়ুন:
এই প্রক্রিয়ার মাধ্যমেই হাওয়াইয়ের মতো আগ্নেয় দ্বীপগুলির সৃষ্টি হয়েছে। ভূতাত্ত্বিকদের দীর্ঘদিনের ধারণা ছিল, পৃথিবীর গলিত কেন্দ্র সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। সেখানকার কিছু উপাদান ধীরে ধীরে উপরের পাথুরে স্তর বা ম্যান্টলে প্রবেশ করছে। নতুন গবেষণায় সেই ধারণার পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে বলে দাবি বিজ্ঞানীদের।
আরও পড়ুন:
গটিংজেন বিশ্ববিদ্যালয়ের ভূ-রসায়নবিদ এবং গবেষণার প্রধান লেখক নিলস মেসলিং জানান, প্রায় ৪০ বছর আগে প্রথম পৃথিবীর কেন্দ্র থেকে উপরের স্তরে উপাদান উঠে আসার সম্ভাবনার কথা বলা হয়েছিল। তবে এতদিন এই ধারণার পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
বর্তমান গবেষণায় প্রথমবারের মতো এই প্রক্রিয়ার শক্তিশালী প্রমাণ সামনে এসেছে।আরও পড়ুন:
বিজ্ঞানীদের অনুমান, পৃথিবীর মোট সোনার ৯৯.৯৫ শতাংশেরও বেশি অংশ গলিত কেন্দ্রে আটকে রয়েছে। সোনার পাশাপাশি সেখানে প্লাটিনামের মতো অন্যান্য ভারী মূল্যবান ধাতুও রয়েছে। প্রায় ৪৫০ কোটি বছর আগে পৃথিবী গঠনের সময় উল্কাপিণ্ডের সংঘর্ষের ফলে এই বিপুল ধাতব ভান্ডার তৈরি হয়েছিল।
আরও পড়ুন:
গবেষণায় ইঙ্গিত মিলেছে, সেই গভীর ভান্ডার থেকে অতি সামান্য পরিমাণ সোনা ও অন্যান্য ধাতু ম্যান্টলের মধ্য দিয়ে উপরের দিকে উঠে আসছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকলে ভবিষ্যতেও পৃথিবীর উপরিভাগে নতুন করে কিছু মূল্যবান ধাতু পৌঁছতে পারে।
আরও পড়ুন:
কেন্দ্র থেকে উঠে আসা সোনার পরিমাণ অত্যন্ত সামান্য। তা ছাড়া পৃথিবীর গভীরতম স্তর থেকে সরাসরি সোনা উত্তোলন বর্তমান প্রযুক্তিতে কার্যত অসম্ভব।
আরও পড়ুন:
পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টলের সীমানা ভূপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৮৯৭ কিলোমিটার গভীরে অবস্থিত। অন্যদিকে, মানুষের তৈরি গভীরতম কূপ রাশিয়ার কোলা সুপারডিপ বোরহোলের গভীরতা মাত্র ১২.৩ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরের ওই সীমানা মানুষের খনন করা গভীরতম গর্তের তুলনায় প্রায় ২৩৬ গুণ বেশি গভীরে।
আরও পড়ুন:
গবেষকদের ধারণা, পৃথিবীর কেন্দ্র থেকে ধাতু ভূপৃষ্ঠে পৌঁছনোর এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে ৫০ কোটি থেকে ১০০ কোটি বছর পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ এই প্রাকৃতিক প্রক্রিয়া এখনো চলছে। পৃথিবীর গভীরে থাকা সোনার ভান্ডার থেকে সামান্য অংশ প্রাকৃতিকভাবে উপরের স্তরে চলে আসছে, যা পৃথিবীর ধাতব সম্পদের দীর্ঘমেয়াদি চক্র সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে বিজ্ঞানীদের।