পুবের কলম ওয়েবডেস্ক: দলিতদের উপর অত্যাচারের হারে সবথেকে এগিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলি। সেই প্রমাণ আবারও মিলল। ফের দলিত নিগ্রহের ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের রাসরার একটি ভবনে বিয়ের অনুষ্ঠান করার জন্য একদল লোক লাঠি ও রড দিয়ে একটি দলিত পরিবারের উপর আক্রমণ করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবারের এই ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন।
এই বিষয়ে দায়ের করা এফআইআর অনুযায়ী আক্রমণকারীরা বলে যে, দলিত সম্প্রদায়ের মানুষ হয়ে কীভাবে একটা ভবনে বিয়ের অনুষ্ঠান করতে পারে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।আরও পড়ুন:
ভুক্তভোগীর ভাই রাঘবেন্দ্র গৌতমের অভিযোগের ভিত্তিতে দায়ের করা এফআইআর-এ বলা হয়েছে, রাত ১০টার দিকে লাঠি ও রড নিয়ে প্রায় ২০ জনের একটি দল স্বয়ম্বর বিবাহ ভবনে হামলা চালায় এবং লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করে। রাঘবেন্দ্র গৌতম বলেন, এই দলটির নেতৃত্বে ছিলেন আমান সাহনি, দীপক সাহনি, রাহুল এবং অখিলেশ।
অভিযোগকারী জানান, বিয়েবাড়িতে ঢুকেই চিৎকার করতে শুরু করেন তাঁরা। দলিত পরিবারটিকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। চিৎকার করেই একজন প্রশ্ন করেন, ‘দলিত হয়ে তোরা বিয়ের জন্য হল ভাড়া করিস কীভাবে?’ হামলায় গৌতমের আত্মীয় অজয় কুমার এবং মনন কান্ত গুরুতর আহত হন। রসড়া থানার ইন-চার্জ বিপিন সিংহ জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, দলিত পরিবারের অভিযোগের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতা এবং তফসিলি জাতি ও উপজাতি আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।