পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের বিজেপি নেতা তথা রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়ের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল রাজ্যের রাজনীতি। ইন্দোরের একটি জনসভা থেকে ‘কাফের’ শব্দ উল্লেখ করে তিনি যে বক্তব্য রেখেছেন, তা নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এই মন্তব্যের জেরে প্রধান বিরোধী দল কংগ্রেস বিজয়বর্গীয়ের বিরুদ্ধে সমাজকে বিভক্ত করা এবং সাংবিধানিক মূল্যবোধকে অবমাননার অভিযোগে সরব হয়েছে।

গত রবিবার ইন্দোরের ১ নম্বর বিধানসভা কেন্দ্রের একটি কর্মসূচিতে বক্তব্য রাখার সময় কৈলাশ বিজয়বর্গীয় বলেন, "এখানে রাস্তাঘাট তৈরি হচ্ছে। এখানে হিন্দু ও মুসলিম—উভয় সম্প্রদায়ের ভাইয়েরাই বসবাস করেন।

অনেক মুসলিম ভাই আমাদের ‘কাফের’ বলে ডাকেন। আমরা যদি কাফেরই হই, তবে আমাদের তৈরি করা এই রাস্তায় আপনারা হাঁটবেন না। যদি ‘লাডলি বহিন’ বা ‘লাডলি লক্ষ্মী’ প্রকল্পের টাকা আপনাদের বাড়িতে পৌঁছায়, তবে সেই টাকাও গ্রহণ করবেন না।"

বিতর্কিত এই মন্তব্য করার পরপরই অবশ্য সুর নরম করে ড্যামেজ কন্ট্রোলে নামেন মন্ত্রী। তিনি জোর দিয়ে দাবি করেন, বিজেপি বা তাঁর সরকার কোনো সম্প্রদায়ের সঙ্গেই বৈষম্য করে না।

বিজয়বর্গীয় বলেন, "আমরা কখনোই কারও সঙ্গে বৈষম্য করিনি। আমাদের নীতি সব সময়ই ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’। মানুষ আমাদের ভোট দিন বা না দিন, জনগণের সেবা করা আমাদের প্রধান দায়িত্ব। রাজনৈতিক সমর্থন ছাড়াই উন্নয়নের কাজ একইভাবে চলবে।"

বিজেপি মন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন মধ্যপ্রদেশের বিধানসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা উমঙ্গ সিংঘার।

এই বক্তব্যকে "ক্ষমতার অহংকার" বলে আখ্যা দিয়ে তিনি বলেন, এটি গণতান্ত্রিক মূল্যবোধের ওপর বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করেছে। উমঙ্গ সিংঘার ক্ষোভ উগরে দিয়ে বলেন, "একজন মন্ত্রীর সাধারণ মঞ্চ থেকে এই ধরণের মন্তব্য অত্যন্ত আপত্তিকর। এটি সাংবিধানিক নৈতিকতা এবং গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী। রাস্তাঘাট জনগণের ট্যাক্সের টাকায় তৈরি হয়, কোনো রাজনৈতিক দলের নিজস্ব সম্পত্তিতে নয়। উন্নয়নমূলক কাজের সঙ্গে ধর্মকে জড়িয়ে ফেলা বিজেপির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানের সারশূন্যতাকেই প্রকাশ করে।"