পুবের কলম,ওয়েবডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী থেকে এবার দেশীয় টাকায় অপরিশোধিত তেল কিনল ভারত। আগে যা মার্কিন ডলারে আমদানি করত নয়াদিল্লি। আন্তর্জাতিক বাণিজ্যে আমেরিকার টাকার উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে নরেন্দ্র মোদি সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মানছেন আর্থিক বিশ্লেষকরা। এতে বিশ্ব বাজারে লেনদেনের ক্ষেত্রে ভারতীয় মুদ্রা আলাদা উচ্চতায় পৌঁছল বলে দাবি করেছেন তাঁরা।
আরও পড়ুন:
আমদানি খরচের উপরে টাকার দামের দোলাচলের প্রভাব কমাতে ২০২২ সালের জুলাইয়ে ভারতীয় মুদ্রায় বাণিজ্য চালানোর পথ খুলে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তবে গত অর্থবর্ষে সংসদীয় কমিটির রিপোর্ট বলেছে, গত অর্থবর্ষে টাকায় লেনদেনে এগিয়ে আসেনি কোনও তেল রফতানিকারী দেশই। সরকারি মহলের দাবি, এটা ২০২২-২৩ সালের জন্য সত্যি হলেও এ বছর চুক্তি হয়েছে। সরকারি মহলের অবশ্য দাবি, চলতি অর্থবর্ষে এই নিয়ে প্রথম সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে চুক্তি করেছে ভারত।
রাশিয়ার কিছু সংস্থার সঙ্গেও লেনদেন হয়েছে টাকায়। আশা, আগামী দিনে আরও দেশের সঙ্গে হবে। যার হাত ধরে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যাবে ভারতীয় মুদ্রাকে।আরও পড়ুন:
সূত্রের খবর, এর পর থেকে আমিরশাহীর সঙ্গে যাবতীয় বাণিজ্য ভারতীয় মুদ্রায় করবে মোদি সরকার।
সেখানে কোনও ঊর্ধ্বসীমা নির্ধারণ করা থাকছে না। বর্তমানে অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। ৮৫ শতাংশ কাঁচা তেলই বিদেশ থেকে আমদানি করতে হয় নয়াদিল্লিকে। তবে সস্তায় তেল কিনতে মোট তিনটি দেশের উপর নির্ভরশীল ভারত। এর মধ্যে রয়েছে রাশিয়াও। চলতি বছরের জুলাইতে ভারতীয় মুদ্রায় কাঁচা তেল কেনা নিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে একটি চুক্তিতে সই করে ভারত। এর পরই আবু ধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানির থেকে ভারতীয় মুদ্রায় তেল আমদানি শুরু করে দেয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।