পুবের কলম, ওয়েবডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। সোমবার রাতের ওই ঘটনায় অন্তত ৪০০ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় বিদেশমন্ত্রক কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। নয়াদিল্লির অভিযোগ, সামরিক অভিযানের আড়ালে পাকিস্তান কার্যত গণহত্যা চালাচ্ছে।

এই হামলাকে ‘বিবেকহীন’ বলে উল্লেখ করে বিদেশমন্ত্রক জানিয়েছে, কোনও পরিস্থিতিতেই হাসপাতালের মতো জায়গাকে লক্ষ্য করে আক্রমণ গ্রহণযোগ্য নয়।
 
ভারতের বিবৃতিতে আরও বলা হয়েছে, রমজান মাসে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় শান্তি ও সহমর্মিতার বার্তা দেয়। সেই সময়েই এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং মানবিক মূল্যবোধের পরিপন্থী। ভারতের মতে, এই হামলা শুধু মানবতার বিরুদ্ধেই নয়, আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপরও সরাসরি আঘাত। পাশাপাশি অভিযোগ করা হয়েছে, নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতেই পাকিস্তান বারবার এ ধরনের পদক্ষেপ নিচ্ছে।