পুবের কলম প্রতিবেদক: সহকর্মীর বন্দুক থেকে আচমকা ছুটে এল গুলি। সেই গুলি সোজা এসে বিঁধল বাম পায়ের গোড়ালির একটু উপরে। তবে, কার্যত অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেন গুলিবিদ্ধ এই পুলিশকর্মী। জানা গিয়েছে, পদমর্যাদায় তিনি একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর। তাঁর চিকিৎসা চলছে এখন সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে।
গুলিবিদ্ধ হওয়ার এই ঘটনা টেকনো সিটি থানার পুলিশ ব্যারাকের।আরও পড়ুন:
সল্টলেকের ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমনই জানানো হয়েছে, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে খুব সকালে বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ৩৮ বছর বয়সি এক ব্যক্তিকে নিয়ে আসা হয় এই হাসপাতালের ইমারজেন্সিতে। দ্রুত তাঁর চিকিৎসা শুরু করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়, বাম পায়ের গোড়ালির উপর গুলি বিঁধে যাওয়ার কারণে ওই স্থান বেশ জখম অবস্থায় রয়েছে। বিঁধে থাকা গুলি বের করার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
২৭ জানুয়ারি, শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ অস্ত্রোপচার করে বাম পায়ের গোড়ালির উপর বিঁধে থাকা গুলি বের করা হয়।আরও পড়ুন:
বেসরকারি এই হাসপাতালে কর্তৃপক্ষের তরফে এমনই জানানো হয়েছে, এই ব্যক্তি হাসপাতালের ইমারজেন্সিতে এমনই জানিয়েছেন, টেকনো সিটি থানার পুলিশ ব্যারাকে তাঁর এক সহকর্মী যখন তাঁর বন্দুক রাখছিলেন, সেই সময় আচমকা ওই বন্দুক থেকে গুলি ছুটে এসে বিঁধে যায় তার বাম পায়ে। অস্ত্রোপচারের পরে এই পুলিশকর্মীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুই-একদিনের মধ্যেই এই পুলিশকর্মীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে বলেও জানানো হয়েছে।