দীর্ঘ ২১ ঘণ্টার টানা আলোচনার পরও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সমঝোতা হয়নি। পাকিস্তানে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠক ব্যর্থ হওয়ায় চুক্তি ছাড়াই দেশে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ভ্যান্স জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলি গ্রহণ না করায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। তাঁর কথায়, পাকিস্তানের আয়োজনে দুই দেশের প্রতিনিধিদল দীর্ঘ সময় ধরে গঠনমূলক আলোচনা চালালেও শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।

তবে আয়োজক দেশ পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তারা দুই পক্ষের মধ্যে দূরত্ব কমাতে সর্বোচ্চ চেষ্টা করেছে।

মার্কিন পক্ষের দাবি, আলোচনার মূল লক্ষ্য ছিল— ইরান যেন ভবিষ্যতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি না করে এবং সেই সক্ষমতাও অর্জন না করে। কিন্তু এই বিষয়ে ইরান দীর্ঘমেয়াদি স্পষ্ট প্রতিশ্রুতি দিতে রাজি হয়নি বলেই দাবি ভ্যান্সের।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আলোচনায় যথেষ্ট নমনীয়তা দেখালেও ইরান তাদের নির্ধারিত শর্ত মানতে রাজি হয়নি।

ফলে এত দীর্ঘ আলোচনার পরও কোনো অগ্রগতি সম্ভব হয়নি।
উল্লেখ্য, এই বৈঠকের পুরো সময়জুড়েই মার্কিন প্রতিনিধি দল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। ভ্যান্স জানান, ২১ ঘণ্টার আলোচনার মধ্যে একাধিকবার ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে এবং একটি চূড়ান্ত প্রস্তাবও ইরানের সামনে রাখা হয়েছিল।

সব মিলিয়ে, বহু প্রত্যাশার এই বৈঠক ব্যর্থ হওয়ায় ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে এগোয়, সেটাই এখন দেখার।