পুবের কলম ওয়েবডেস্কঃ মাঝরাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গোলযোগ নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার রাতে হঠাৎ করে কমিশনের সাইটে যে গোলমাল দেখা দিয়েছিল তাকে সন্দেহের চোখে দেখছেন তৃণমূল সুপ্রিমো। সত্যিই সাইট হ্যাকিং হয়েছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তাই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

বুধবার মাটিগাড়া-নকশালবাড়ির প্রচারের সভা থেকে তিনি বলেন, হঠাৎ কীভাবে কমিশনের ওয়েবসাইট থেকে সব নাম মুছে গেল? মমতার দাবি, নিজের নিজের নামও খুঁজে দেখেন।

কিন্তু, তিনিও সন্দেহের তালিকায়। পরে কমিশন জানিয়েছে সেটা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে। মমতার বক্তব্য, এটা শুধু হ্যাকিং নাকি এর পিছনে ‘টেকনিক্যালি বজ্জাতি’ রয়েছে। মমতার দাবি, অবিলম্বে এবিষয়ে মানুষকে জানাতে হবে। এছাড়াও, এদিনের সভা থেকে এসআইআর, এনআরসি নিয়েও বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন।
তাঁর অভিযোগ, মহিলারা বিয়ের পর স্বামীর পদবি রেখেছেন। অথচ তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে। এসআইআর পরিকল্পিতভাবে মানুষের ওপর চাপিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। এখনও পর্যন্ত বাংলায় এরজন্য ২০০ জন মানুষের মৃত্যু হয়েছে। 

উল্লেখ্য, সোমবার মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

প্রথমে এই তালিকা প্রকাশ করার কথা ছিল রাত ৯ টায়। কিন্তু, শেষমেশ তা প্রকাশ করা হয় মধ্যরাতে। তারপরেও বহু জায়গায় তথ্য পাওয়া যাচ্ছে না। এমনকি তথ্য দেখা গেলেও ডাউনলোড করা যাচ্ছে না। এই সব সমস্যার মধ্যেই মঙ্গলবার রাতে আচমকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিভ্রাট দেখা দেয়। এনিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।