রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা-কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। কখনও গণনাকেন্দ্রে রাজ চক্রবর্তীর দিকে কাদা ছোড়া হয়েছে, কখনও অভিনেতা-সাংসদ দেবকে লক্ষ্য করে উঠেছে ‘চোর’ স্লোগান। এবার দিল্লিগামী বিমানে হেনস্তার অভিযোগ তুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

বৃহস্পতিবার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছিলেন মহুয়া। অভিযোগ, বিমান অবতরণের ঠিক আগে কয়েকজন সহযাত্রী তাঁকে উদ্দেশ করে কটূক্তি করতে শুরু করেন।

শুরু হয় জয়শ্রীরাম শ্লোগান। এরপর আওয়াজ উঠলো, 'চোর চোর'। সেই সময় বিমানের ভিতর থেকেই শোনা যায়, “পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর” স্লোগান। গোটা ঘটনার ভিডিয়োও তোলা হয় বলে দাবি সাংসদের।
পরবর্তীতে নিজের এক্স হ্যান্ডলে সেই ভিডিয়ো রিপোস্ট করে মহুয়া লেখেন, তিনি ৬ই ৭১৯ নম্বর ফ্লাইটের ১এফ আসনে বসেছিলেন।
বিমানের দরজা খোলার আগে পিছনের দিক থেকে ৪-৬ জনের একটি দল তাঁকে লক্ষ্য করে কটূক্তি করেন এবং ভিডিয়ো রেকর্ড করেন। তাঁর কথায়, “এটা কোনও নাগরিক ক্ষোভ নয়, সরাসরি হেনস্তা। এতে বিমানে আমার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।”
তিনি আরও দাবি করেন, ঘটনার সঙ্গে যুক্ত বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে আর একটি পোস্টে মহুয়া লেখেন, “এটাই বিজেপির সংস্কৃতি।
বিষয়টি প্রথমে উপেক্ষা করে আমি বৈঠকে যোগ দিতে চলে গিয়েছিলাম। পরে ভিডিয়োটি ভাইরাল হতে দেখে সরব হই।” একইসঙ্গে তিনি জানান, বিমান সংস্থা ইন্ডিগোর পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে এবং তিনি সেই প্রক্রিয়াই শুরু করেছেন।
এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তিনি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডু-র কাছে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন।