পুবের কলম, ওয়েবডেস্ক:চলন্ত ট্রেনে শ্যুটআউট। সোমবার সকালে মুম্বইগামী জয়পুর এক্সপ্রসের যাত্রীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল আরপিএফ কন্সটেবলের বিরুদ্ধে। উক্ত ঘটনায় ৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন আরপিএফ-এর সহকারী সাব-ইন্সপেক্টর বা এএসআই রয়েছেন।

মুম্বইগামী জয়পুর এক্সপ্রসে শ্যুটআউট, নিহত এসআই সহ ৪ আরপিএফ কনস্টেবল চেতন

রেল সূত্রে খবর, সোমবার ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে। মহারাষ্ট্রের পালঘরের কাছে শ্যুট আউট  চলে। চলন্ত ট্রেনের এসি  কামরায়, বি৫ কোচে আচমকা গুলি চালান চেতন সিং নামের অভিযুক্ত আরপিএফ কনস্টেবল। তাঁকে থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন আরপিএফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর।

আহত এএসআই এবং কামরার আরও ৩ জন যাত্রী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

কী কারণে অভিযুক্ত এমন প্রাণঘাতী হামলা চালাল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে রেল সূত্রে খবর। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। চলন্ত  ট্রেনে এই ঘটনায় আতঙ্কের পাশাপাশি রেলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।