পুবের কলম, ওয়েবডেস্ক:  বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। রাজ্যপালের কাছে ইস্তফা জমা দিলেন নীতিশ কুমার।  বিহারে বিজেপি-জেডইউ জোটে ভাঙন। বিকেল ৪টের সময় ইস্তফাপত্র পেশ করেন নীতীশ কুমার।

রাজ্যপাল সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন বলে খবর।

বিহারে রাজ্য রাজনীতিতে পট পরিবর্তনে বড়সড় ধাক্কা খেল বিজেপি।

রাজভবন থেকে বেরিয়ে লালুর বাড়িতে গেলেন নীতীশ কুমার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেন, 'বিধায়ক ও সাংসদের সহমতে এনডিএ ছেড়েছি।

বিজেপির সঙ্গে কাজ করা মুশকিল হয়ে পড়ছিল।'

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, পাঁচ বছর পরে ফের বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে ‘মহাগঠবন্ধন’ গড়তে সক্রিয় হতে পারেন নীতীশ। গত কয়েক মাস ধরেই নানা ইস্যুতে জোটসঙ্গী বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে নীতীশের জেডি(ইউ)-এর। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠকও এড়িয়েছেন তিনি।

উপমুখ্যমন্ত্রী হতে পারেন লালু পুত্র তেজস্বী যাদব।

আরজেডি আর কংগ্রেস মিলে জোট গঠন করার সম্ভাবনা। কংগ্রেস ইতিমধ্যেই নীতীশ ও তেজস্বীর নেতৃত্বাধীন নতুন সরকারকে সমর্থন ঘোষণা করেছে। তবে বামেরা এই সরকারকে সমর্থন করবে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানায়নি।

উল্লেখ্য, বিভিন্ন কারণে গত দেড় বছরে বিজেপি ও জেডিইউ  ইস্যুতে মুখোমুখি হয়েছে। বেড়েছে দূরত্ব।