পুবের কলম, ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর এখনও শে, হয়নি বলে জানিয়ে দিল ভারতীয় বায়ুসেনা। শনিবার রাতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। সীমান্তে উত্তেজনা তৈরি হয়। সীমান্তে উত্তেজনার মধ্যেই রাজধানীতে সশস্ত্র বাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বায়ুসেনার তরফে বিবৃতি দিয়ে জানিয়েছে, “অপারেশন সিঁদুরে বায়ুসেনাকে যে যে কাজ দেওয়া হয়েছিল, সেগুলো আমরা সফলভাবে করেছি। একেবারে নির্দিষ্টভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে আমরা কর্তব্যপালন করেছি। জাতীয় স্বার্থে ওই অপারেশন চালানো হয়েছে। তবে এখনও অপারেশন চলছে।

তাই ভারতীয় বায়ুসেনার অনুরোধ, কোনওরকম ভুয়ো খবর বা গুজবে কান দেবেন না। যাচাই না করে যে কোনও তথ্য বিশ্বাস করবেন না।”

সীমান্তে যুদ্ধবিরতি এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন তিন সেনা প্রধান,  সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা এখনও জানা যায়নি।