ইনামুল হক, বসিরহাট:  বিশেষ চাহিদা সম্পন্নদের যারা পরিবারহীন, পথে-ঘাটে ও ট্রেনে ভিক্ষাবৃত্তি করে কিংবা রাস্তাঘাটে যাদেরকে দেখা যায় অসহায় অবস্থার  মধ্যে দিন কাটাতে যাদের বাসস্থান ও  খাদ্য সংস্থানের নির্দিষ্ট উপায় নেই  তাদের জীবিকার নতুন  দিশা দেখাচ্ছে বসিরহাটের একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরশমণি ফাউন্ডেশন।

এই সংগঠনের আধিকারিক দেবব্রত জানা বললেন, আমাদের  সংগঠনের তত্ত্বাবধানে বেড়ে উঠছে এইসব  অবহেলিত বিশেষ চাহিদা সম্পন্নরা। এদের মধ্যে কম বয়সীদের যেমন লেখাপড়া করে উচ্চশিক্ষিত করার চেষ্টা করছে।

পাশাপাশি যারা পড়াশোনা করতে পারেনি সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন, তাদেরকে এবার হাতের কাজের মাধ্যমে বিভিন্ন অর্গানিক খাদ‍্য প‍্যাকেট বন্দি করে  বাজারমুখি করতে উদ্যোগী হয়েছে এই সংগঠনটি। তাদের হাতের তৈরি  খাবার যেমন চিড়ে, ছোলা, বাদাম, ঝুরিভাজা, চানাচুর ও বুট ভাজার মতো একাধিক খাবার প্যাকেটবন্দী হয়ে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন বাজার দখল করতে শুরু করেছে সুনামের সঙ্গে।

বিশেষ চাহিদা সম্পন্ন মানসী জানা জানালেন,একদিকে  তাদের হাতে তৈরি ভেষজ খাদ্য সামগ্রী যেমন বাজার দখল করছে। তেমন কর্মসংস্থানের নতুন দিশা দেখছে সমাজের অন্য বিশেষ চাহিদা সম্পন্নরাও।