পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্য বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) সদস্য নির্বাচন ঘিরে দীর্ঘ জল্পনার অবসান ঘটল। বিধানসভার প্রথা অনুযায়ী কুড়ি সদস্যের এই কমিটিতে ছ’টি আসন বিরোধী দলের জন্য বরাদ্দ থাকে। বর্তমানে প্রধান বিরোধী দল তৃণমূল দুটি পৃথক শিবিরে বিভক্ত থাকায় এই পদগুলিকে কেন্দ্র করে ভোটাভুটির সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে কার্যক্ষেত্রে তা হয়নি।
ছ’টি আসনের মধ্যে পাঁচটিতেই নিজেদের প্রার্থীর নাম জমা দিয়ে আধিপত্য কায়েম করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল শিবির।আরও পড়ুন:
অন্যদিকে, কালীঘাট শিবিরের পক্ষ থেকে মাত্র এক জনের নাম প্রস্তাব করা হয়েছে।
পিএসি-র সদস্য হিসেবে ঋতব্রত শিবিরের তরফে যে পাঁচ জন বিধায়কের নাম জমা দেওয়া হয়েছে, তাঁরা হলেন ফিরহাদ হাকিম, বিপ্লব মিত্র, গোলাম রব্বানি, কানাইয়ালাল অগ্রবাল এবং সমর মুখোপাধ্যায়। পাশাপাশি, কালীঘাট তৃণমূলের তরফে একমাত্র প্রতিনিধি হিসেবে বর্ষীয়ান বিধায়ক অশোক দেবের নাম প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে, নিয়ম মেনে কমিটির বাকি ১৪ জন সদস্যকে মনোনীত করেছে শাসকদল। শাসক শিবিরের বিধায়কদের মধ্যে এই তালিকায় জায়গা পেয়েছেন অনুপকুমার সাহা, অম্লান ভাদুড়ি, বঙ্কিমচন্দ্র ঘোষ, হিরণ্ময় চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজেশ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, সৈকত পাঁজা, সমরেন্দ্রনাথ ঘোষ, শিখা চট্টোপাধ্যায়, সোনম লামা, সৌরভ সিকদার, সুব্রত ঠাকুর এবং স্বপনকুমার দাস।
আরও পড়ুন:
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর পিএসি চেয়ারম্যান নির্বাচন নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর জলঘোলা হয়েছিল। সেবার বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়ে মুকুল রায় তৃণমূলে যোগ দিলেও তাঁকেই এই পদে বসানো হয়। তৎকালীন বিরোধী দল বিজেপির তরফে অশোক লাহিড়ীর নাম প্রস্তাব করা হলেও তা গ্রাহ্য হয়নি।