পুবের কলম ওয়েবডেস্কঃ ভোট যত এগিয়ে আসছে বাংলায় রাজনৈতিক পারদ ততই চড়ছে। প্রার্থীদের প্রচার ঘিরে বিভিন্ন জায়গায় উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এবার বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর প্রচার ঘিরে উত্তেজনা ছড়াল। শনিবার বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরোলে বিক্ষোভের মুখে পড়েন কংগ্রেস প্রার্থী। অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ দেখানও হয়।

ঘটনায় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। 

পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন অধীর নির্বাচনী প্রচারে যখন যান তার আগে থেকেই তৃণমূল কর্মীরা সেখা উপস্থিত ছিলেন। যার নেতৃত্বে ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বদেব কর্মকার। অধীরকে সেখানে দেখা মাত্রই তৃণমূল কর্মীরা তাঁকে লক্ষ্য করে গো ব্যাক শ্লোগান দিতে শুরু করে। পাল্টা কংগ্রেস কর্মীরা শ্লোগান দিতে থাকেন।

ক্রমেই পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় এলাকায়। পরে ঘটনাস্থলে পৌছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁরা কোনওভাবে অধীরকে সেখান থেকে বের করে নিয়ে আসেন।
 

এপ্রসঙ্গে কংগ্রেসের কটাক্ষ, অধীর চৌধুরী ব্যাপক মার্জিনে বহরমপুরে জিতবেন সেই আঁচ আগেই টের পেয়ে ভয় পেয়ে গিয়েছে তৃণমূল। এখন মানুষ সব বুঝতে পেরেছে। মানুষ আর এখন তৃণমূলের সঙ্গে নেই। তাই তারা বাধা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে, তৃণমূলের পাল্টা দাবি, অধীরের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী ভয় দেখিয়েছে। তিনি ভাবছেন, বহরমপুরে হয়ত কংগ্রেস হারানো মাটি উদ্ধার করতে পারবে। কিন্তু, মানুষ তা বুঝতে পেরেছে। তাই সেখানকার সাধারণ মানুষই অধীরকে গো ব্যাক শ্লোগান দিয়েছে।