পুবের কলম ওয়েব ডেস্কঃ কাঁথির জবাব কাঁথিতে গিয়েই দেব, নাম না করে  অভিষেককে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেরুয়া শিবির সূত্রে খবর, আগামী ২১শে ডিসেম্বর কাঁথিতে সভা করতে চলেছে তিনি।

উল্লেখ্য, গত শনিবার কাঁথির প্রভাতকুমার কলেজের মাঠে বিশাল জনসভা করে দুর্নীতির  অভিযোগ তুলে শুভেন্দুকে কটাক্ষ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি ১৫ দিনের সময়সীমা  বেঁধে দিয়ে ছুড়েছিলেন চ্যালেঞ্জও।

এবার সেই চ্যালেঞ্জের জবাব দিতেই পাল্টা সভা করার পথে শুভেন্দু।

পঞ্চায়েত ভোটের আগেই উতপ্ত মেদিনীপুর।  নন্দীগ্রাম থেকে কাঁথি, মহিষাদল সর্বত্র চাপানউতোর শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।গত শনিবার শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে ২০০ মিটার দূরে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেদিনই অভিষকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করেন শুভেন্দু।

সূত্রের খবর, বিজেপির পক্ষ থেকে সভার জন্য ইতিমধ্যেই প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। কাঁথি কলেজ মাঠ বা কাঁথি রেল স্টেশনে সংলগ্ন মাঠে এই সভা হতে পারে।অনুমতি পেলেই প্রস্তুতি শুরু হবে বলেই পদ্ম শিবির সূত্রে খবর।