পুবের কলম, ওয়েবডেস্ক: কিশোর-কিশোরীদের স্মার্টফোন ও সমাজমাধ্যমের আসক্তি কাটাতে নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে কর্নাটক সরকার। এবার কর্নাটকেও ১৬ বছরের কমবয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এদিন বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় তিনি এই সিদ্ধান্তের কথা জানান। অস্ট্রেলিয়া ও বেশ কিছু ইউরোপীয় দেশের অনুকরণে কর্নাটক সরকার এই বিধিনিষেধ কার্যকর করার পথে হাঁটল।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এই প্রস্তাবটি চূড়ান্ত করার আগে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন। সেখানে তিনি মোবাইল ফোনের ক্ষতিকর প্রভাব নিয়ে শিক্ষাবিদদের মতামত জানতে চান। উপাচার্যদের সবুজ সংকেত মেলার পরেই সরকার এই নিষেধাজ্ঞায় সিলমোহর দেওয়ার সিদ্ধান্ত নেয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন,"১৬ বছরের কম বয়সি শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হলো স্মার্টফোন এবং সমাজমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ফলে তৈরি হওয়া বহুমুখী সমস্যার মোকাবিলা করা। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ মানসিক পরিবেশের মধ্যে বেড়ে উঠুক।"