পুবের কলম প্রতিবেদকঃ মুর্শিদাবাদ জেলার ফরাক্কা নতুন মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করছে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে জেলাটির প্রশাসনিক কাঠামোয় যুক্ত হল আরও একটি মহকুমা।
আরও পড়ুন:
নতুন ফরাক্কা মহকুমা গঠিত হচ্ছে ফরাক্কা, সামশেরগঞ্জ, সূতি-১ ও সূতি-২ ব্লক নিয়ে। এতদিন এই চারটি ব্লক জঙ্গিপুর মহকুমার অধীনে ছিল।
কিন্তু বিশাল জনসংখ্যা ও বিস্তৃত ভৌগোলিক এলাকা সামলাতে গিয়ে জঙ্গিপুর মহকুমা প্রশাসনের উপর অতিরিক্ত চাপ পড়ছিল। সেই পরিস্থিতিতে প্রশাসনিক কার্যকারিতা বাড়াতে ফরাক্কাকে পৃথক মহকুমা করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।আরও পড়ুন:
সম্প্রতি মুর্শিদাবাদে অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ফরাক্কায় নতুন মহকুমা গঠনের কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পরপরই রাজ্য প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। নতুন মহকুমায় প্রশাসনিক পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য মন্ত্রিসভা ১০৯টি চুক্তিভিত্তিক পদ তৈরির প্রস্তাবেও অনুমোদন দিয়েছে।
আরও পড়ুন:
জেলা প্রশাসন সূত্রে খবর, ফরাক্কার এসডিপিও অফিসেই আপাতত নতুন এসডিও বসবেন এবং সেখান থেকেই মহকুমা স্তরের প্রশাসনিক কাজ পরিচালিত হবে।
আরও পড়ুন:
জঙ্গিপুর মহকুমায় ইতিমধ্যেই দুটি পৃথক পুলিশ মহকুমা রয়েছে— একদিকে জঙ্গিপুর, অন্যদিকে ফরাক্কা। ফরাক্কা মহকুমা গঠনের ফলে এই পৃথক পুলিশ কাঠামো আরও কার্যকরভাবে প্রশাসনিক সহায়তা করতে পারবে। নতুন মহকুমা গঠনের ফলে এলাকার বাসিন্দারা আরও দ্রুত ও সহজভাবে প্রশাসনিক পরিষেবা পাবেন বলেই আশা করছে প্রশাসন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া বইছে ফরাক্কা ও সংলগ্ন অঞ্চলে।