দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে পুনর্নির্বাচন। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগ্রহণ। মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, প্রতিটি বুথে রয়েছে এক সেকশন করে জওয়ান। পাশাপাশি সব বুথেই রাখা হয়েছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা।

গত ২৯ এপ্রিল এখানে ভোটগ্রহণ হয়েছিল। তবে একাধিক বুথে ইভিএমে টেপ ও আতর লাগানো নিয়ে অভিযোগ ওঠে। ভোটারদের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তদন্ত শুরু করে। ওয়েব কাস্টিংয়ের ফুটেজ খতিয়ে দেখার পর কমিশন গোলযোগের প্রমাণ পায় বলেই সূত্রের খবর। এরপরই ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।


এবারের ভোটে সবচেয়ে বেশি চর্চায় তৃণমূল কংগ্রেসের অনুপস্থিতি। ভোটের ৪৮ ঘণ্টা আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ঘোষণা করেন, তিনি আর নির্বাচনী লড়াইয়ে নেই। যদিও তাঁর নাম ইভিএমে রয়ে গিয়েছে।
ফলে এবারের লড়াই কার্যত ত্রিমুখী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা বিজেপি, সিপিএম ও কংগ্রেসের মধ্যে সীমাবদ্ধ বলেই রাজনৈতিক মহলের মত। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় কুইক রেসপন্স টিমও মোতায়েন রয়েছে।
রাজ্যে এবারের নির্বাচনকে তুলনামূলক শান্তিপূর্ণ বলে দাবি করা হলেও ফলতার ঘটনা কমিশনকে বিশেষভাবে সতর্ক করেছে। তাই পুনর্নির্বাচনে নিরাপত্তা ও নজরদারিতে কোনও খামতি রাখা হয়নি।