মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রেক্ষিতে দেশে জ্বালানি সংকট নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন ‘লকডাউন’ জল্পনাকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে লকডাউনের মতো কোনও কড়া পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা সরকারের নেই।
শুক্রবার জ্বালানি পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকের আগেই লকডাউন নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। তবে মন্ত্রী নিজে সামনে এসে জানান, এসব গুজব ভিত্তিহীন এবং মানুষকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন।
কেন্দ্রের দাবি, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং অন্তত ৬০ দিন কোনও ঘাটতির আশঙ্কা নেই। পেট্রল পাম্পে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির ব্যবস্থা করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, হরমুজ প্রণালী আংশিকভাবে অচল থাকলেও ভারত আমেরিকা, রাশিয়া ও অস্ট্রেলিয়া থেকে তেল আমদানি করছে। যুদ্ধ শুরুর আগেই শোধনাগারগুলিতে পর্যাপ্ত মজুতের প্রস্তুতি নেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, বিশ্বজুড়ে অস্থিরতা থাকা সত্ত্বেও ভারত পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের জ্বালানি চাহিদা পূরণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।