বিধানসভা নির্বাচনের মুখে অসমে বড় ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। টিকিট না পেয়ে দল ছেড়ে দিলেন রাজ্যের মন্ত্রী নন্দিতা গারলোসা এবং যোগ দিলেন কংগ্রেস-এ।
রবিবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেওয়ার পর জানা গেছে, তিনি ডিমা হাসাও জেলার হাফলং কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। ২০২২ সাল থেকে তিনি অসম সরকারের শক্তি, খনি, খনিজ ও আদিবাসী সংস্কৃতি দপ্তরের দায়িত্বে ছিলেন।
কংগ্রেস সূত্রে জানা যায়, হাফলং কেন্দ্রের জন্য আগে দলের সাধারণ সম্পাদক নির্মল লাংথাসা-কে প্রার্থী করা হয়েছিল। তবে নন্দিতা গারলোসার দলে যোগ দেওয়ার পর বৃহত্তর রাজনৈতিক স্বার্থে তিনি প্রার্থীপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
নির্মল লাংথাসা জানিয়েছেন, গত কয়েক বছরে ডিমা হাসাও জেলার মানুষের জন্য নন্দিতা গারলোসা উল্লেখযোগ্য কাজ করেছেন। সেই কারণে দলের স্বার্থে এবং এলাকার উন্নয়নের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ভোটের আগে এই দলবদল অসমের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।