পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারী বর্ষণের জেরে প্লাবিত কেরলের (kerala) একাধিক জেলা। বন্যা পরিস্থিতির অবস্থা তৈরি হয়েছে। পাঁচটি জেলায় লাল সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর। শনিবার ভারী বৃষ্টির পর থেকেই কেরলের বেশ কয়েকটি জলমগ্ন হয়ে পড়ে।
বিশেষ করে দক্ষিণ ও মধ্য অঞ্চলে অবস্থা অতি শোচনীয়।
আরও পড়ুন:
ভারতীয় আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানানো হয়েছে, বহু নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। পাঠানামথিত্তা, কোট্টায়াম, এর্নাকূলাম, ইদুক্কি ও ত্রিশূরে জারি হয়েছে রেড অ্যালার্ট (Red alert) । কমলা সতর্কতা (Orange alert) জারি হয়েছে তিরুবন্তপুরম, কোলাম, আলাপুজা, পলক্কাদ, কোঝিকোড়ে, ওয়েনাড় জেলায়।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৮ অক্টোবরেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ চলবে।
কেরলের মুখমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, আরব সাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের কারণে রাজ্যে ব্যাপক ভারী বৃষ্টির বিষয়ে সতর্ক করেছে আইএমডি। পিনারাই বিজয়ন একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, দক্ষিণ ও মধ্য জেলায় বৃষ্টি হয়েছে। সন্ধ্যা নাগাদ উত্তরের জেলায় তা আরও তীব্র আকার ধারণ করবে। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের মানুষকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্যে কিছু বাঁধ খোলা হতে পারে। এর ফলে বাড়তে পারে জলস্তর। উপকূলবর্তী এলাকার মানুষকে প্রশাসনিক কর্তৃপক্ষের নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে।