রাজ্যে শুরু হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR)-এর প্রথম পর্ব, ইনিউমারেশন। এই পর্যায়ে ভোটারদের কোনও নথি দেখাতে হবে না, জানিয়েছে নির্বাচন কমিশন। শুধুমাত্র খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যদি কারও নাম তালিকায় না থাকে, তবেই নথি জমা দিতে হবে। কমিশন জানিয়েছে, ইনিউমারেশন ফর্ম না জমা দিলেও প্রথমে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হবে না।
বুথ লেভেল অফিসাররা (BLO) খোঁজ নেবেন সংশ্লিষ্ট ভোটার অনুপস্থিত নাকি মৃত, না অন্যত্র চলে গেছেন। এরপরই তৈরি হবে বুথভিত্তিক তালিকা, যা পঞ্চায়েত, পুরসভা ও জেলা অফিসে টাঙানো হবে। বিহারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই কমিশন এবার অতিরিক্ত সতর্ক। সেখানকার মতো আগেভাগে নথি চাওয়া হবে না। কমিশনের লক্ষ্য, ভোটার তালিকা সংশোধনে যেন কোনও আতঙ্ক বা বিতর্ক তৈরি না হয়।