পুবের কলম প্রতিবেদক: মঙ্গলবার দুপুরে আনুমানিক ২টো বেজে ২৭  মিনিট নাগাদ মহাত্মা গান্ধী রোড স্টেশনের আপ মেট্রো লাইনে এক প্রেমিক যুগল ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। চালকের তৎপরতায় দ্রুত ট্রেনটি থামানো সম্ভব হয় এবং মেট্রোরেলের থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ তৎক্ষণাৎ বিচ্ছিন্ন করা হয়। সাময়িকভাবে কবি সুভাষ থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে দমদম এর মধ্যে মেট্রো চলাচল পরিষেবা চালু রাখা হয়।

পার্কস্ট্রিট থেকে দমদম পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এই আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জোড়াসাঁকো থানা পুলিশ ও দমকল বাহিনী।
আহত অবস্থায় ওই প্রেমিক যুগলকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেই জীবিত রয়েছেন বলে মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে।

তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মেট্রো সার্ভিস  পুনরায় বিকেল তিনটে নাগাদ স্বাভাবিক হয় ওই শাখায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই প্রেমিক যুগলের কোন মানসিক অবসাদ ছিল অথবা কোন পারিবারিক সমস্যা বা নিজেদের মধ্যে কোন অশান্তি দেখা দিয়েছিল তার দরুন তারা আত্মহত্যা করার চেষ্টা করে।