পুবের কলম ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদের ধুলিয়ানে এক যুবককে খুনের ঘটনায় নিচুতলার পুলিশের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠল। নিহত যুবকের নাম সুজিত মণ্ডল। গত ২৮ অগস্ট ধুলিয়ানের বাসিন্দা ওই যুবক নিখোঁজ হন। তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গত ২ সেপ্টেম্বর ফরাক্কার বল্লালপুর ঘাটের কাছ থেকে যুবকের বস্তাবন্দি খণ্ডিত দেহ উদ্ধার করে পুলিশ।

 ব্যবসায়িক বিবাদের জেরে তাঁকে শ্বাসরোধ করে খুন করার পর প্রমাণ লোপাটের জন্য দেহ টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

নিহতের পরিবারের নিখোঁজ ডায়েরি ও অভিযোগের পরেও পুলিশের একাংশের গাফিলতির কথা স্বীকার করে কড়া পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্তব্যে গাফিলতির অভিযোগে ধুলিয়ান পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং শমসেরগঞ্জ থানার এক এসআই-কে সাসপেন্ড করা হয়েছে।

শমসেরগঞ্জ থানার আইসি-কে পুলিশ লাইনে ক্লোজ করার পাশাপাশি ফরাক্কার এসডিপিও-কে শাস্তিমূলক বদলি করা হয়েছে। এছাড়া, জঙ্গিপুর পুলিশ জেলার সুপারকেও স্বরাষ্ট্র দফতরের তরফে শো-কজ করা হয়েছে। বর্তমানে এই খুনের ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়েছে। আইজি জোনাল গোটা ঘটনার বিভাগীয় তদন্ত করবেন বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।