পুবের কলম ওয়েব ডেস্কঃ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটগণনাকে ঘিরে সোমবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। চতুর্দশ দফার গণনা শেষ হওয়ার পর আচমকাই কিছু সময়ের জন্য গণনা প্রক্রিয়া থমকে যায় বলে অভিযোগ ওঠে। প্রায় আধঘণ্টারও বেশি সময় ধরে গণনা বন্ধ ছিল বলে দাবি করেছে তৃণমূল। 

শাসকদলের অভিযোগ, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে গণনা প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে এবং কারচুপির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রতিনিধিকে গণনাকেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

উল্লেখ্য, এই কেন্দ্রে ১৮ রাউন্ড গণনা হবে। চতুর্দশ দফা পর্যন্ত এখানে মমতা প্রায় ৩ হাজারের কাছাকাছি ভোটে এগিয়ে ছিলেন। আর তারপরেই ১৬ রাউন্ডের গণনা শেষে এগিয়ে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশন সুত্রের খবর অনুযায়ী, ১৬ রাউন্ডের পর সেখানে ৫৫৪ ভোটে এগিয়ে রয়েছেন মমতা। এরমধ্যে শুভেন্দু এখনও পর্যন্ত পেয়েছেন ৫৪,৩৮৬ টি ভোট, অন্যদিকী মমতা পেয়েছেন ৫৩,৮৩২ টি ভোট।
যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, তৃণমূলের পক্ষ থেকেই গণনাকেন্দ্রে অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছে। শুভেন্দু অধিকারীর নির্বাচনী শিবিরের অভিযোগ, তাঁদের এক প্রতিনিধিকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় কিছুক্ষণের জন্য গণনা স্থগিত রাখা হয়। পরে নিরাপত্তা জোরদার করে ফের শুরু হয় ভোটগণনা।