দেবশ্রী মজুমদার, বীরভূম:  গর্ভবতী মহিলা  ও বিশেষভাবে সক্ষম ব‍্যক্তির বাড়িতে গিয়ে স্পটেই সরকারি পরিষেবা দিলেন মুরারই বিডিও। বীরভূমের মুরারই দুই ব্লকে মিত্রপুরে ব্লকের প্রথম রাউণ্ড ক‍্যাম্পের পর দাঁতুড়াতে দ্বিতীয় রাউণ্ড ক‍্যাম্প চলছে। সরকারি সুবিধা মানুষের দুয়ারে পৌঁছে দিতে এবার বাড়ি বয়ে নিজে হাতে ফর্ম পূরণ এবং  অন লাইনে তার ডাটা পূরণ করে হাতে নথি দিয়ে  ক‍্যাম্প পরিদর্শনে  যান।  এলাকার গর্ভবতী মায়েদের খোঁজে  বাড়িতে গিয়ে নিজে হাতে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম পূরণ করে উপভোক্তাদের হাতে তার নথি তুলে দেন তিনি ।

এভাবে  টিম নিয়ে উপভোক্তাদের বাড়িতে  হাজির হওয়ায় জন মানসে সদর্থক প্রতিক্রিয়া দেখা গেছে।  একইভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব‍্যক্তিদের হাতেও ফর্ম পূরণ করে তার প্রমাণ তুলে দেন।

উল্লেখ্য, মুরারই দুই ব্লকের মিত্রগ্রাম উচ্চ বিদ‍্যালয়ে দুয়ারে সরকারের শিবির চলছে। দাঁতুড়ার জানেসা বিবি এবং মাঠকরমজার রাইনা বিবি বলেন,  বিডিও সাহেবকে অশেষ ধন্যবাদ।

তিনি বাড়ি এসে ফর্ম পূরণ করে জমা করে নথি দিলেন। এই অবস্থায় ভিড় ও গরমের মধ‍্যে লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ করে জমা করা আমার পক্ষে  সম্ভব ছিল না।

একইভাবে বিশেষ ভাবে  সক্ষম  দাঁতুড়ার মণিরুল কাজি বলেন, মানবিক প্রকল্পে সরকারি সুবিধা দিতে যেভাবে বিডিও বাড়ি বয়ে এসে ফর্ম পূরণ করে জমা নিলেন  তাঁর জন‍্য তাঁকে ধন্যবাদ। অক্ষম মানুষ  ভেবেছিলাম হয়তো আমার আবেদন করা হবে না।

বিডিও নাজের হোসেন বলেন, ক‍্যাম্প তো চলছে। তবে এবার  আমি ও আমার টিম গর্ভবতী মহিলা ও বিশেষভাবে সক্ষম ব‍্যক্তিদের বাড়ি গিয়ে স্পটেই তাঁদের হাতে নথি তুলে দিই।