দেবশ্রী মজুমদার : বাইশে ডিসেম্বর কোলকাতা থেকে বিষ্ণুপুর মেলার উদ্বোধন করে মানুষকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এবার চব্বিশে ডিসেম্বর কোলকাতা থেকে ঐতিহ্যবাহী পৌষমেলার জন‍্য একইভাবে শুভেচ্ছা বার্তা দেবেন।কোলকাতা থেকে রবিবার বেলা এগারোটা নাগাদ ভয়েস কলে পৌষমেলার ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মেলার বাউল মঞ্চে থাকবে জায়েন্ট স্ক্রিনে মুখ‍্যমন্ত্রীর ছবি থাকবে।

মুখ‍্যমন্ত্রী ভয়েস কলে এই মেলার উদ্বোধন করবেন বলে জানান, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ। রবিবার উপস্থিত থাকবেন জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার রাজ নারায়ণ মুখোপাধ‍্যায়, জেলা সভাধিপতি, পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ী বিধায়ক বিকাশ রায় চৌধুরী, ডেপুটি স্পীকার আশিস বন্দ‍্যোপাধ‍্যায় এবং কয়েকজন প্রবীণ আশ্রমিক।

পুরসভার উপপুরপ্রধান ওমর সেখ বলেন, আমরা বোলপুরবাসী মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়কে ধন‍্যবাদ জানাই। কারণ তাঁদের উদ‍্যোগেই এই মেলা বাস্তবায়িত হচ্ছে।

শনিবার পর্যন্ত স্টল বিতরণের কাজে ময়দানে ব‍্যস্ত ছিলেন মেলার আহ্বায়ক ওমর সেখ। তিনি জানান, এপর্যন্ত বারোশোর বেশি স্টল বিতরণ হয়েছে। বিশ্বভারতী যেহেতু এবার ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে, সেহেতু মেলার মাঠে বিশ্বভারতীর প্রদর্শনী স্টল থাকবে। রবীন্দ্রভবনের আধিকারিক নীলাঞ্জন বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, কয়েকটি এসি খারাপ থাকায় এবং নিরাপত্তার কারণে মেলার সময় রবীন্দ্র ভবন বন্ধ থাকছে।

সেকারণে বিশ্বভারতীর গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান সহ বেশ কিছু ছবি প্রদর্শনীতে তুলে ধরা হবে। জানা গেছে, এব‍্যাপারে কলাভবনের ছাত্রছাত্রীরা প্রদর্শনী স্টল সাজাতে সাহায্য করছে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, বিশ্বভারতী ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। মুখ‍্যমন্ত্রী বিশ্বভারতীর পাশে প্রথম থেকেই আছেন। তিনি ঐতিহ্যবাহী মেলার উদ্বোধন করবেন। স্বাভাবিক ভাবেই একটা আলাদা আবেগ নিয়ে বোলপুর শান্তিনিকেতন বাসী অধির অপেক্ষায় আছেন।