কিবরিয়া আনসারী: সাড়ম্বরে প্রকাশিত হল এম এ ওহাব সম্পাদিত 'দ্য ডোমকল কলিং' পত্রিকা একাদশ-দ্বাদশ সংখ্যা। বৃহস্পতিবার ডোমকল বাজার ব্যবসায়ী সমিতির হলে অনুষ্ঠিত হয় একটি মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শান মিস্ত্রী এবং সভামুখ্যর আসন অলংকৃত করেন শিক্ষাব্রতী ও সাহিত্যিক সামশুল আলম। স্বাগত ভাষণে পত্রিকার সম্পাদক এম এ ওহাব বলেন ''জেলা এবং জেলার বাইরে 'দ্য ডোমকল কলিং' পত্রিকাকে প্রায় সকলে চেনে এবং ডোমকল সাহিত্যের প্রতিনিধিত্বকারী একটি পত্রিকা বলেই জানেন।
এই বার্তা খুবই আনন্দের ও গর্বের।''আরও পড়ুন:
এদিনের অনুষ্ঠানে 'এম সদর আলী স্মৃতি সম্মান ২০২৩'-এ সম্মানিত করা হয় বিশিষ্ট প্রাবন্ধিক ও ইতিহাসবেত্তা খাজিম আহমেদকে। সম্মাননা স্মারক তুলে দেন প্রয়াত এম সদর আলীর একমাত্র কন্যা সাবানা সুলতানা। সংবর্ধনা পত্র পাঠ করেন সাইদুল ইসলাম এবং তিনি মেমেন্টো তুলে দেন প্রাবন্ধিক খাজিম আহমেদের হাতে।
'ভারতীয় উপমহাদেশে মুসলিমদের অবস্থান: একটি আত্মসমীক্ষা' শীর্ষক একটি মনোজ্ঞ আলোচনা করেন প্রাবন্ধিক ও ইতিহাসবেত্তা খাজিম আহমেদ। আলোচনায় ভারতীয়দের অনেক ঐতিহ্য ও সমন্বয়ের কথা উঠে আসে। তিনি বলেন "শাশ্বত ভারতের চিরন্তন আদর্শ হচ্ছে অপার সহিষ্ণুতা। সমস্তকে আপন করে গ্রহণ করার যে প্রবণতা তা এই ভারতের সভ্যতার মধ্যে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরও গভীর উপলব্ধি থেকে এ কথা বলেছেন।"আরও পড়ুন:
(প্রাবন্ধিক খাজিম আহমেদের হাতে সংবর্ধনা পত্র তুলে দিচ্ছেন কবি ও শিক্ষক সাইদুল ইসলাম।)দ্য ডোমকল কলিং পত্রিকার পক্ষ থেকে পত্রিকার নামকরণ সম্পর্কে আলোচনা করেন সাহিত্যিক সিরাজুল ইসলাম। এদিনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসা আনসারি। এছাড়াও কবিতা পাঠ করেন অরূপ চন্দ্র, এম নাজিম, নিখিল কুমার সরকার, সাইদুল ইসলাম, অমল কুমার সাহা, তাপসী ভট্টাচার্য, সুপ্রীতি বিশ্বাস, মুকলেসুর রহমান,ফৌজিয়া বৈশালী সুলতানা সহ জেলার বিশিষ্ট কবিরা। আবৃত্তি করেন আশুয়ারা বিশ্বাস, নাজমুননাহার খাতুন প্রমুখ।