নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি প্রকাশিত হয়েছে মইনুল হাসান সম্পাদিত গ্রন্থ "বাঙালি মুসলমানের লৌকিক জীবন।" বিগত কয়েক দশক ধরে শ্রী হাসান ইসলাম ধর্ম ও মুসলমান সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনকে আধার করে একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন যা ইতিপূর্বেই গুণীজনের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এ বিষয়ে তাঁর পাণ্ডিত্য আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। এই গ্রন্থটিও সেই ধারাবাহিকতার ফসল। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক গৌতম পালকে বইটি উপহার হিসেবে তার হাতে তুলে দেন মইনুল হাসান।
আরও পড়ুন:

ধর্মীয় অনুশাসনকে একপাশে সরিয়ে রেখে বাঙালি মুসলমান সমাজ আপন লৌকিক সংস্কৃতিকে নির্মান করেছে গানে-গল্পে নানা-প্রকার বিচিত্র আচার অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণে। তাদের পীর-দরবেশের মাজারে মাথা ঠোকে, সিরনি চড়ায় ভিন্ন-ধর্মের নারী- পুরুষও। এ ভাবেই সহজের পথে এ পারের হিন্দু-মুসলমানের লোকায়ত বাঙালি সমাজ চির স্পন্দমান। সুলিখিত ভূমিকায় মইনুল লিখছেন - "... তাই যখন খবর পাওয়া যায় মুসলমানের ফেলে যাওয়া মসজিদ রক্ষা ও পরিচর্যা করছে পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু পরিবার বংশপরম্পরায় তখন লৌকিকতার জয়গান গাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।
" এই লোকায়নের হাত ধরেই ধর্মীয় পরিচয় অপেক্ষা বড় হয়ে ওঠে তার বাঙালি পরিচয়, যার " মনের দরজা খুলে রেখেছে বাউল।"এই বই-এ স্থান পেয়েছে বাঙালি মুসলমান সমাজের নৃ-তত্ত্ব, লোকসংস্কৃতি, উৎসব, বাউল-ফকির, বিয়ের গান, ছড়া-প্রবাদ, ব্রতাচার এমনকি পঞ্জিকার কথাও, কুড়িটি সুনির্বাচিত প্রবন্ধে। বাঙালি সমাজকে গভীর ভাবে জানতে আগ্রহী ভাবুকের অবশ্যই সংগ্রহে রাখতে হবে এই বই।
আরও পড়ুন:
বইটির প্রচ্ছদ করেছেন দেবাশিস সাহা, প্রকাশক রূপালী। বইটি তিনি উৎসর্গ করেছেন আলিমুজ্জমান, এমদাদুল হক নুর ও 'উদার আকাশ' পত্রিকার তরুণ সম্পাদক ফারুক আহমেদকে।