ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করতে দেশটির শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সময়ে ইরান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সেটিকে অচল করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। একদিকে নেতৃত্বকে লক্ষ্য করে সামরিক পরিকল্পনা, অন্যদিকে নৌ অবরোধ ও হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও জটিল হয়ে উঠছে।

এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসনের অভ্যন্তরে নতুন করে আলোচনা চলছে। এই খবর তেহরানে উদ্বেগ সৃষ্টি করেছে।

মার্কিন প্রশাসনের একাংশের ধারণা, ইরানের গুরুত্বপূর্ণ নেতাদের সরিয়ে দিলে দেশটির অবশিষ্ট নেতৃত্ব যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনায় বসতে বাধ্য হতে পারে।

তবে প্রশাসনের অন্য কর্মকর্তারা এই পরিকল্পনার সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, ইরানের শীর্ষ নেতাদের হত্যার মতো পদক্ষেপ পালটা প্রতিশোধের ঝুঁকি বাড়াবে। পাশাপাশি যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের পথও আরও কঠিন হয়ে উঠতে পারে।

এদিকে বৃহস্পতিবার ইরান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সেটিকে অচল করে দেয় মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, জাহাজটি ইরানের একটি বন্দর থেকে বেরিয়ে নৌ অবরোধ এড়ানোর চেষ্টা করছিল। জাহাজটির পেছনের অংশে হামলা চালিয়ে চলাচলের ক্ষমতা নষ্ট করা হয়। তবে এই ঘটনায় জাহাজের বেসামরিক নাবিকদের কেউ আহত হননি বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ এবং হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের পালটাপালটি অবস্থানের ফলে জ্বালানি পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা বাড়ছে। যুদ্ধ বন্ধে আলোচনা চললেও সামরিক চাপ, নৌ অবরোধ এবং পালটা হুমকির কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই সংঘাতমুখী হয়ে উঠছে।