পুবের কলম প্রতিবেদক: বুধবার দুপুরে আলিপুর আদালতে পেশ করা হয় এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে। এদিন আদালতের তরফে আরও ৭ দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ জারি করা হয়। সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহা ও কমিটির প্রাক্তন সদস্য অশোক সাহার। সিবিআইয়ের পক্ষ থেকে তাঁদের দু'জনকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছিল আদালতে।
আগামী ২২ আগস্ট পর্যন্ত তাঁদের থাকতে হবে সিবিআই হেফাজতে।আরও পড়ুন:
এদিন সিবিআইয়ের আইনজীবীরা আদালতে জানান, গত সাতদিন ধরে তাঁদের জেরা করে অনেক নতুন তথ্য উঠে এসেছে। এই দুর্নীতির সঙ্গে অনেক প্রভাবশালী যুক্ত। তাঁদের হদিশ পাওয়ার জন্যই এই দুই সদস্যকে আরও জেরা করা প্রয়োজন।
আরও পড়ুন:
ফলে এই দুই উপদেষ্টাকে জেরা করে আরও তথ্য উঠে আসবে বলে মনে করছে সিবিআইয়ের আইনজীবীরা। তাই আরও সাতদিন তাঁদের নিজেদের হেফাজতে রাখার আবেদন জানিয়েছিলেন তাঁরা। এসএসসি মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের এফআইআরে ১ নম্বরে শান্তিপ্রসাদ সিনহা এবং ৪ নম্বরে অশোক সাহার নাম থাকায় তাঁদের হেফাজতে নেয় সিবিআই। আগামী ২২ আগস্ট অবধি ধৃতদের সিবিআই হেফাজত বহাল রাখল আলিপুর আদালত।