পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা ভোটের আগে বড় চমক দিল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার বাংলায় এসে দলের ‘সংকল্পপত্র’ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে মহিলা ও যুবকদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষমতায় এলে বিদ্যমান ভাতা দ্বিগুণ করার ঘোষণাও করা হয়েছে।
অমিত শাহ জানান, প্রায় ১০ হাজার মানুষের মতামত নিয়ে এই সংকল্পপত্র তৈরি করা হয়েছে। তাঁর দাবি, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র ‘বিকাশিত ভারত’ ভাবনার প্রতিফলন। এই পরিকল্পনা সমাজের সবস্তরের মানুষের জন্য নতুন আশার আলো নিয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
শাহ তাঁর ভাষণে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করে বলেন, গত ১৫ বছরে বাংলার মানুষ সিন্ডিকেট, দুর্নীতি ও সন্ত্রাসের মধ্যে দিন কাটিয়েছেন। তাঁর কথায়, এই সংকল্পপত্র সেই পরিস্থিতি থেকে মুক্তির পথ দেখাবে এবং নতুন ভবিষ্যতের দিশা দেবে।
‘বিকশিত বাংলা’ গড়ার ডাক দিয়ে তিনি জানান, নববর্ষ থেকেই শুরু হবে ‘সংকল্প যাত্রা’। পাশাপাশি তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরে রাজ্যের উন্নয়নের নতুন রাস্তা খুলবে এবং ভয়, বিভেদ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা হবে।
এছাড়াও অনুপ্রবেশের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণের কথা পুনরায় উল্লেখ করেন অমিত শাহ। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে বাংলা ‘অনুপ্রবেশমুক্ত’ হবে।
শেষে বাংলার মানুষের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস—উভয়কেই সুযোগ দেওয়া হয়েছে, এবার উন্নয়নের স্বার্থে বিজেপিকে সুযোগ দেওয়া উচিত।