পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথম দফার ভোটের আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইবুনাল। ভোটার তালিকার সংশোধন ও যাচাই প্রক্রিয়া নিয়ে নোটিস জারি করে স্পষ্ট জানানো হয়েছে, যথাযথভাবে নোটিস দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য না শুনে কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।

কমিশন সূত্রে জানা যাচ্ছে, যারা অনলাইনে আবেদন করেছেন, তাঁদের এনুমারেশন ফর্ম এবং সংযুক্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। আবেদনকারীর পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে বিশেষ করে বাবা বা মায়ের নথির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে তথ্য।

প্রমাণ মিললে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ১০টি করে মামলার নিষ্পত্তি করছে ট্রাইবুনাল। কোন আবেদন গ্রহণ করা হচ্ছে বা কেন বাতিল করা হচ্ছে, তার স্পষ্ট কারণও পোর্টালে উল্লেখ করা হচ্ছে। জানা গিয়েছে,  সোমবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া মামলাগুলির ভিত্তিতে একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ওই তালিকায় যাঁদের নাম অন্তর্ভুক্ত থাকবে, তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে যাঁদের নাম চূড়ান্তভাবে বাদ পড়েছে, তাঁদের নাম এই তালিকায় দেখানো হবে না।

এই যাচাই প্রক্রিয়ার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় নজরে এসেছে বিচারপতিদের, বাদ পড়া ভোটারদের মধ্যে অধিকাংশই মহিলা। এই তথ্য সামনে আসতেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা শুরু হয়েছে। প্রশাসনিক ত্রুটির কারণে যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়,  তা নিশ্চিত করতে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত এই বেঞ্চ।