পুবের কলম ওয়েব ডেস্কঃ মোসাদের অন্তত ৬টি দলকে গ্রেফতারের দাবি করেছে ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রক মঙ্গলবার সব মিলিয়ে ২৩ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে। ইসরাইলি সংস্থা মোসাদের গোয়েন্দারা রাজধানী তেহরানসহ ইসফাহান, ইয়াজদ, ওয়েস্ট আজারবাইজান এবং গোলেস্তান প্রদেশে সক্রিয় ছিল। এছাড়া দেশের বাইরে থেকেও সক্রিয়ভাবে ইরান-বিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিল এমন ১৩ জনকে শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন:
ইরান জানিয়েছে, সাইরাজ ছদ্মনামে একজন এই গোটা নেটওয়ার্কের দায়িত্বে রয়েছে। সে ইউরোপের কোনও একটি দেশে অবস্থান করছে। সেখান থেকেই ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইরানে কার্যক্রম পরিচালনা করছিল সে। আর গোটা পরিকল্পনার পেছনে রয়েছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ।
ইরানে চলমান আন্দোলন থেকে মোসাদ সুবিধা নেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ।আরও পড়ুন:
ইরানি শহরগুলোতে বেশ কিছু সন্ত্রাসী হামলার জন্যও মোসাদকে অভিযুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, গত ডিসেম্বর মাস থেকেই মোসাদ সদস্যদের গ্রেফতারের দাবি করে আসছে ইরান। সেসময় ইরানের গোয়েন্দামন্ত্রক জানিয়েছিল, এরকম চারটি দলের সন্ধান পেয়েছে তারা। এছাড়া ইরানের প্রতিরক্ষাশিল্পকে টার্গেট করে ইসরাইলের বড় চক্রান্ত ভেস্তে দেওয়ার দাবিও করে তেহরান।