পুবের কলম ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ায় মীর জাফর আলী খানের প্রায় ৩০০ বংশধরের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। বাদ পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ‘ছোটে নবাব’ নামে পরিচিত সৈয়দ রেজা আলী মির্জাও। ঘটনাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সৈয়দ রেজা আলী মির্জার ছেলে সৈয়দ ফাহিম মির্জা মুর্শিদাবাদ পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। তিনি দাবি করেছেন, তাঁদের পরিবার সরাসরি মীর জাফর আলী খানের বংশধর। ফাহিম মির্জার কথায়, প্রায় আড়াইশো বছরেরও বেশি সময় ধরে তাঁদের পরিবার মুর্শিদাবাদ শহরের কেল্লা নিজামত এলাকায় বসবাস করে আসছে। কিন্তু এবার সেই পরিবারের সদস্যদেরই ভোটার তালিকা থেকে নাম মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর।

ফাহিম মির্জা জানান, তাঁর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় ১,৭০০। এর মধ্যে সংশোধন প্রক্রিয়ায় ৩৮৬ জনের নাম বাদ পড়েছে। সেই তালিকার মধ্যেই নবাব পরিবারের একশোরও বেশি সদস্য রয়েছেন। বর্তমানে নবাবি দুর্গ এলাকা এবং আশপাশে ওই পরিবারের প্রায় তিন হাজার সদস্য বসবাস করেন।
তাঁদের মধ্যে প্রায় দুই হাজার মানুষ ভোটার হিসেবে নথিভুক্ত। কিন্তু চলতি সংশোধনী প্রক্রিয়ায় তাঁদের মধ্য থেকেই প্রায় ৩০০ জনের নাম বাদ পড়েছে বলে দাবি করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশাসনের কাছে আপত্তি জানাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেজা আলী মির্জা।

ইতিহাস অনুযায়ী, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে এবং মুর্শিদাবাদে মীর জাফরের নবাবি শাসনের সূচনা হয়। বর্তমানে মুর্শিদাবাদের জাফরাগঞ্জ এলাকায় মীর জাফরের প্রাসাদের পাশেই রয়েছে তাঁদের পারিবারিক কবরস্থান। সেখানে মীর জাফর, তাঁর স্ত্রী এবং বংশধরদের প্রায় ১,১০০টি সমাধি রয়েছে।